বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না: মির্জা ফখরুল
প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মকেই সমান গুরুত্ব দিচ্ছেন বলে ভাষ্য এলজিআরডি মন্ত্রীর।
ধর্মীয় বিভাজনের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না মন্তব্য করে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।
রাজধানীর স্বামীবাগ ইসকন সেবাশ্রমে বৃহস্পতিবার দুপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহাউৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ধর্ম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়। আমরা আমাদের রাজনীতিতে এ ধরণের বিভাজনে বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদ দর্শন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই সব ধর্মের সব মতের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করি।”
প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মকেই সমান গুরত্ব দিচ্ছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালুর পাশাপাশি তিনি দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। তিনি মসজিদের ইমাম-মোয়াজ্জিন, মন্দিরের পুরোহিত কিংবা বৌদ্ধ ও খিষ্টানদের উপসনালয়ের প্রধানের জন্য ভাতার ব্যবস্থা করেছেন।
“তিনি চেয়েছেন, বাংলাদেশে সুনির্দিষ্ট ধর্মের কেউ যেন একা কোনো সুবিধা নিতে না পারে। বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়; এটি সব ধর্ম-বর্ণের মানুষের দেশ।”
