সেবাখাতে ‘সর্বোচ্চ’ ভ্যাট দিয়ে সম্মাননা পেল বিকাশ
তিনটি ক্যাটগরিতে নয়টি কোম্পানিকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
সেবাখাতে ২০২০-২১ অর্থবছরে জাতীয় কোষাগারে ‘সর্বোচ্চ’ ভ্যাট দিয়ে সম্মাননা পেয়েছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ।
জাতীয় রাজস্ব বোর্ডের ‘শ্রেষ্ঠ ভ্যাটদাতা সম্মাননা’ পাওয়ার বিষয়টি রোববার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শনিবার রাজধানীর একটি হোটেলে বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন।
প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালিত হয়। এ উপলক্ষে কয়েক বছর ধরে সেরা ভ্যাটদাতার সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। উৎপাদন, ব্যবসা ও সেবা ক্যাটগরিতে তিনটি করে নয়টি কোম্পানিকে সম্মাননা দেওয়া হয়েছে।
যেসব কোম্পানির ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) রয়েছে, ভোক্তাকে নিয়মিত ভ্যাট রশিদ প্রদান করে এবং ভ্যাট আদায়ের পর তা নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়, সেসব কোম্পানি এ সম্মাননা পায়।
রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
