২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে ‘নতুন বন্দোবস্তের’ আকাঙ্ক্ষা পুরোপুরি আসেনি: এনসিপি

“জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটাকে সাধুবাদ জানাই,” বলেন নাহিদ।

বাজেটে ‘নতুন বন্দোবস্তের’ আকাঙ্ক্ষা পুরোপুরি আসেনি: এনসিপি
বাজেট প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 08:05 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

প্রস্তাবিত বাজেটে দেশের অর্থনৈতিক সমস্যা উঠে এলেও তাতে ‘নতুন বন্দোবস্তের’ আকাঙ্ক্ষা পুরোপুরি আসেনি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে বাজেট প্রতিক্রিয়ায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আগের যে অর্থনৈতিক কাঠামো, ঋণ ও লুটপাটের যে অবস্থা ছিল, সেই অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে চলতে হচ্ছে; বাজেট প্রণয়ন করতে হয়েছে। 

“ফলে সেই কাঠামোর ভেতরেই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট থেকে কর্মসংস্থান সৃষ্টি বা বেকারত্ব দূর হবে, সেটা আমরা মনে করছি না।”

সোমবার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

নাহিদ বলছেন, “বাজেট বাস্তবভিত্তিক হলেও নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেটির পূর্ণ প্রতিফলন ঘটেনি।

“বর্তমান সময়ে যেসব অর্থনৈতিক সমস্যা রয়েছে, সেগুলো তারা তুলে ধরতে করতে পেরেছে। তবে আমরা যে বৈষম্যহীন সমাজের ভিশনের কথা বলছি, এ বাজেটে সেটা আসেনি।”

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ কমানোর সমালোচনা করেন নাহিদ।

তিনি বলেন, “আমরা চেয়েছিলাম প্রবাসী শ্রমিকদের ব্যাপারে সরকারের নজর থাকবে, তাদের থেকে আমরা যে রেমিট্যান্স পাই, তা দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। 

“আমরা দেখেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে। মন্ত্রণালয়টির বাজেট অর্ধেক করা হয়েছে, এটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি।” 

তিনি বলেন, “ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য ইনসেন্টিভ থাকবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু তারা লাভবান হবে, সেটা আমরা দেখছি না এই বাজেটে। ই-কমার্স বা ডিজিটাল ট্রানজেকশনের ক্ষেত্রে ট্যাক্স বাড়ানো হয়েছে। এটা ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে।”

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি মন্তব্য করে নাহিদ বলেন, “রেজিম পরিবর্তনের পরে এই ইনসেন্টিভ দিয়েও কালো টাকাকে সাদা করার যে খুব সম্ভব হবে, সেটিও না। কালো টাকাকে সাদা করার সুযোগটা বন্ধ করা উচিত।

“জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাই। এই টাকাটা যেন যথাযথভাবে খরচ করা হয়। ওদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা যেন দ্রুত সময়ের মধ্যে পালন করা হয়। এ বাজেট নিয়ে সরকারের অনেক চেষ্টা ছিল। কিন্তু অর্থনৈতিক রূপান্তরের সে ভিশন বা কৌশলটা বাজেটে আসেনি।” 

রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ করে এনসিপি। এতে অন্যদের মধ্যে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন।