শুল্কমুক্ত গাড়ি আমদানি চান ট্যুর অপারেটররা
বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে আগামী বাজেটে পর্যটকবাহী গাড়িতে কর অবকাশের দাবি জানিয়েছেন এ শিল্প সংশ্লিষ্টরা।
প্রতি বছর গড়ে ৪ লাখেরও বেশি বিদেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেন বলে পর্যটন বোর্ডের পরিসংখ্যান।
করমুক্ত গাড়ি আমদানি করে পর্যটকদের ভ্রমণ খরচ কমানো গেলে পর্যটককের সংখ্যা বাড়বেন বলে মনে করছেন এই সংশ্লিষ্টরা।
আসন্ন বাজেট নিয়ে পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হলে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এই মত প্রকাশ করেন।
পর্যটন ব্যবসায়ীরা বলছেন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো রাজধানী ঢাকা থেকে অনেক দূরে। বেশি দূরত্বে পর্যটক বহনের জন্য উপযুক্ত মানের যানবাহনের অভাব রয়েছে। ভাড়ায় চালিত যানবাহনের মানও তেমন ভালো না। আবার ভালো মানের গাড়ি ভাড়া করতে গুনতে হয় অনেক টাকা।
ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াবের পরিচালক তৌফির রহমান বলেন, “এভাবে ভাড়ায় যানবাহন দিয়ে পর্যটন ব্যবসা পরিচালনা করা অনেক ব্যয়বহুল। ফলে অনেক পর্যটক ইচ্ছা থাকা সত্ত্বেও এ দেশে আসতে চায় না।
“প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে শিল্পটিকে এগিয়ে রাখতে হলে এর সাথে সংশ্লিষ্ট বিষয়ের ভ্যাট ও শুল্কের পরিমাণ কমানো উচিত।”
টোয়াবের সাবেক সহ সভাপতি সৈয়দ গোলাম কাদের বলেন, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পর্যটকবাহী গাড়ি আমদানিতে বিশেষ সুবিধা দেয়। কিন্তু বাংলাদেশে সে ধরনের সুবিধা দেয়া হচ্ছে না।
“ফলে প্রতিযোগী দেশগুলোর চেয়ে আমরা পিছিয়ে পড়ছি। কম খরচে ভ্রমণের কারণে অনেক পর্যটক আমাদের দেশে না এসে অন্য দেশগুলোকে অগ্রাধিকার দেয়।”
ব্যবসায়ীরা বলছেন, নতুন গাড়ির আমদানি খরচ অনেক বেশি বলে অনেক পর্যটন ব্যবসায়ীর পক্ষে তা আনা সম্ভবপর হচ্ছে না। একইভাবে নৌপর্যটনে বাংলাদেশের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও আধুনিক পর্যটকবাহী জাহাজের অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না।
পর্যটন বিষয়ক সাময়িকী ‘বাংলাদেশ মনিটর’র সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, পর্যটন শিল্পের উন্নয়নের জন্য যানবাহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটন খাতের ব্যবসায়ীদের করমুক্ত যানবাহন আমদানি করতে সরকারের সুযোগ দেয়া উচিত।
পর্যটন ব্যবসায়ীদের দেয়া সুযোগের অপব্যবহারের দিকটি তুলে ধরা হলে তিনি বলেন, “অপব্যবহার যে কোনো খাতেই হতে পারে বা হচ্ছে।
“এ ব্যাপারে পর্যটন খাতের ব্যবসায়ীদের বিভিন্ন শর্ত দিতে পারে সরকার এবং ব্যবসায়ীরা যাতে সেসব শর্ত পালন করেন সে ব্যাপারে সরকার নজরদারি রাখতে পারে।”
পর্যটন ব্যবসায়ীদের এই দাবি যুক্তি সঙ্গত বলে মেনে নিলেও ঢালাওভাবে এই সুবিধা দেয়ার পক্ষপাতি নয় পর্যটন বোর্ড।
বোর্ডের পরিচালক কল্পনা রানী চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা অনেক আগে থেকে এ ব্যবসার সাথে যুক্ত, এ খাতের উন্নয়নে যারা অবদান রেখেছেন, তারা এ সুবিধা পেতে পারেন।”
তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের বলে জানান তিনি।
