‘কাফন’ পরে কমলাপুরে রেল শ্রমিকদের বিক্ষোভ
অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, নিয়োগবিধিতে শিক্ষাগত যোগ্যতা সংশোধন ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিকরা।
অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরি স্থায়ী করা, দৈনিক কাজের সময় আট ঘণ্টা নির্ধারণসহ ছয় দাবিতে অবস্থান কর্মসূচিতে বসেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের শ্রমিকরা।
রোববার সকাল ৯টার দিকে স্টেশনের প্রশাসনিক ভবনের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত তারা সেখানেই ছিলেন বলে জানান ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস।
আন্দোলনরত শ্রমিকরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনের সামনেও বিভিন্ন রকম স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।
তবে সার্বিকভাবে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে জানিয়ে ওসি ফেরদৌস বলেন, “তারা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের দাবিগুলো জানাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেব, কোনো বিশৃঙ্খলা নেই।”
রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদ (টিএলআর) এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির কথা বলছেন শ্রমিকরা। তাদের দাবিগুলো হল–
· বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ী করা।
· নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মত চতুর্থ শেণির কর্মচারীদের নিয়োগ পাওয়ার যোগ্যতা অষ্টম শ্রেণি পাস রাখা।
· আউটসোর্সিংয়ে কর্মী নিয়োগের সুযোগ বাতিল করে অস্থায়ী খাত চালু রাখা।
· কর্মচারীদের সব বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধ করা।
· অস্থায়ী কর্মচারীদের ‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত না করা।
· রেল আইনানুযায়ী কর্মঘণ্টা দৈনিক আট ঘণ্টা নির্ধারণ এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা।
বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী টিএলআর শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুন মাসে হঠাৎ করেই একটা চিঠির মাধ্যমে সারাদেশের বেশকিছু অস্থায়ী রেলশ্রমিককে অমানবিকভাবে অব্যাহতি দেওয়া হয়। শ্রমিকরা এ কারণেই তীব্রভাবে অসন্তুষ্ট।
“বাংলাদেশ রেলওয়েতে দারোয়ান, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদে মোট সাত হাজার শ্রমিক অস্থায়ীভাবে কর্মরত আছেন। তাদের চাকরির ৩ থেকে ১০ বছর হয় গেছে। অনেকের বয়স ৪০ এর বেশি। এই পরিস্থিতিতে তারা অন্যত্র চাকরিও করতে পারবেন না। তাদের চাকরির নিশ্চয়তা কে দেবে? আমরা সেটাই জানতে চাই।"
রেলওয়ের নতুন নিয়োগ বিধিতে আউটসোর্সিংয়ের সুযোগ তৈরি করে রেলকে 'ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে' বলে দাবি করেন শফিকুর।
তিনি বলেন, “দীর্ঘদিন যাবৎ অস্থায়ী টিএলআর হিসেবে রাজস্ব খাতের অধীনে কর্মরত শ্রমিকদের অব্যাহতি দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে সারাদেশে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্পষ্টভাবে জানিয়েছি৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।”
