১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় মাদক মামলায় চারজনের ১৫ বছর করে কারাদণ্ড

অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 12:11 AM

Updated : 17 Feb 2023, 12:11 AM

বছর পাঁচেক আগে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা থেকে পৌনে এক লাখ ইয়াবা উদ্ধারের মামলায় চার আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন মিয়া, মো. দেলোয়ার হোসেন, কামাল হোসেন ও মো. ইসমাইল।

রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৫ মার্চ গভীর রাতে র‌্যাব অভিযান চালিয়ে ৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-১ এর নায়ক সুবেদার আরশাদুর রহমান উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ওই বছরের ২৬ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই দীপন কুমার। 

২০১৯ সালের ৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

১০ জনের সাক্ষ্য শুনে বৃহস্পতিবার রায় দেওয়া হলো।