মানি এক্সচেঞ্জে অভিযান: গ্রেপ্তার ৪ জন রিমান্ডে
রাজধানীর বিভিন্ন স্থানে মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করে সিআইডি, তাদের মধ্যে চারজনকে ধরা হয় আদাবর থেকে।
অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সিআইডির অভিযানে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজত পেয়েছে পুলিশ।
তারা হলেন- হাসনাত এ চৌধুরী (৪৬), মো. শামসুল হুদা চৌধুরী রিপন (৪০), মো. সুমন মিয়া (৩০) ও তপন কুমার দাস (৪৫)।
মঙ্গলবার তাদের ঢাকার আদাবর থেকে গ্রেপ্তারের পর বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এরপর আদাবর থানায় করা মামলার তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে হাকিম আশেক ইমাম তাদের দুদিন রিমান্ডের আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, আদাবরের রিং রোডে জাপান টোকিও স্কয়ার শপিং কমপ্লেক্সের নিচতলায় দোকানে হুন্ডি ব্যবসার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে ডলার কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তপনসহ অন্যদের গ্রেপ্তার করে। তাদের কাছে পাওয়া যায় ২৭ লাখ ৩৩ হাজার ৪২৩ টাকা সমপরিমাণ দেশি ও বিদেশি মুদ্রা।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আদাবর থানায় মামলাটি করে সিআইডি।
একই দিনে গুলশান ১ নম্বর, উত্তরার দুই জায়গা, আশকোনায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করে সিআইডি।
সরবরাহ সংকটে খোলা বাজারে ডলারের দর গত বছরই একশ টাকা ছাড়িয়ে যায়। তারপরও দিনের পর দিন দর চড়তে থাকার পেছনে মানি এক্সচেঞ্জগুলোর কারসাজির অভিযোগ ওঠে।
বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে নেমে মানি চেঞ্জারগুলোতে অনিয়মও খুঁজে পায়। বেশ কয়েকটি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত এবং ১১টির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়।
