২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নিরাপত্তার স্বার্থে সড়কের পাশে গাড়ি না রাখার আহ্বান মালিক সমিতির

রাজধানীর বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার পরদিন এমন নির্দেশনা এল মালিক সমিতির তরফে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 07:01 PM

Updated : 19 Sep 2026, 07:01 PM

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে বাসসহ যেকোনো ধরনের গাড়ি না রাখতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার সংগঠনের তরফে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে ঢাকাসহ দেশজুড়ে চলাচলকারী সব ধরনের যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে এ জরুরি নির্দেশনা দিয়েছেন সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম।

রাজধানীর বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার পরদিন এমন নির্দেশনা এল মালিক সমিতির তরফে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “যেকোনো অনাকাঙিক্ষত ক্ষতিসাধন বা ভাঙচুর এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোন অবস্থাতেই পরিবহনগুলো রাস্তার দুই পাশে অথবা অনিরাপদ ও নির্জন স্থানে পার্কিং করা যাবে না।”

একই সঙ্গে সব ধরনের যানবাহন দৈনিক চলাচল শেষে বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখার জন্য দেশের সব মালিক ও শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে পুলিশও ঢাকাজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণের কথা বলেছে।

শনিবার এক বার্তায় ডিএমপি বলছে, ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী থানার সামনেসহ অন্তত আটটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এরমধ্যে রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর লিংক পরিবহনের একটি বাসেও আগুন লাগার খবর পাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস।

তবে কারা এসব ঘটাচ্ছে, সে বিষয়ে পুলিশের কোনো স্পষ্ট বক্তব্য আসেনি।

এমন পরিস্থিতিতে যানবাহনের নিরাপত্তায় এ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল পরিবহন মালিক সমিতি।