২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাংচুর-লুট, সরানো হল শাহআলীর ওসিকে

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের ভাষ্য, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি আছে কি না সেটি তারা খতিয়ে দেখছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 11:47 AM

Updated : 27 Sep 2026, 11:47 AM

ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট এবং ভবন মাটিতে মিশিয়ে দেওয়ার ঘটনায় 'পুলিশের গাফিলতি' নিয়ে আলোচনার মধ্যে সেখানকার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে।

ডিএমপি সদরদপ্তরের এক আদেশে স্বাস্থ্যকেন্দ্রে ভাংচুর-লুট, শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছিলেন, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি আছে কি না সেটি তারা খতিয়ে দেখছেন।

ঘটনাস্থলের কাছেই থানার অবস্থান হওয়ার পরও এমন ঘটনা কেন ঠেকানো গেল না, জানতে চাইলে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেছিলেন, “যেহেতু গভীর রাতের ঘটনা, তো আমরা দেখছি পুলিশ জানার পরেও এখানে সময়মত এসেছিল কি না এবং পুলিশের পক্ষ থেকে কোন অবহেলা আছে কি-না।”

এরমধ্যেই সেখানকার ওসিকে সরিয়ে দেওয়ার খবর এল।

এদিকে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি বলছে, সেখান থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

মিরপুর ১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ৫০ বছর ধরে দরিদ্র, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে বলে প্রতিষ্ঠানটির ভাষ্য।

বৃহস্পতিবার গভীররাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচ’র একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র সাইনবোর্ড টানিয়ে দিয়ে চলে যান।

ভুক্তভোগী সংস্থাটি বলছে, হামলার সময় তাদের অফিসের সামগ্রীসহ টিকাদানের প্রচুর সামগ্রী লুটপাট হয়েছে।

এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০-২৫০ জনকে আসামি করা হয়। 

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় ‘পুলিশের গাফিলতি’ খতিয়ে দেখা হচ্ছে: কমিশনার

মিরপুরে এনজিওর স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন কারাগারে

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা সরকার চায় না: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে এনজিওর স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

মিরপুরে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হল এনজিও কার্যালয়

পুরানো খবর:

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার