২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মিরপুরে এনজিওর স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

তারা অর্থের বিনিময়ে ওই হামলায় অংশ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন, বলেন শাহ আলী থানার ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 02:50 PM

Updated : 26 Sep 2026, 02:50 PM

ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ এর কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, “আমরা একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি, কিন্তু সেসব ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমে সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা চারজনকে গ্রেপ্তার করেছি।”

তবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

ওসির ভাষ্য, গ্রেপ্তাররা অর্থের বিনিময়ে ওই হামলায় অংশ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

তাদের ইতোমধ্যে আদালতে পাঠানোর কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে ওই ওই এনজিও কার্যালয়ের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।

হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’-এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে চলে যায়।

সংস্থাটি অভিযোগ করছে, হামলার সময় তাদের অফিসের সামগ্রীসহ টিকাদানের প্রচুর সামগ্রী লুটপাট হয়েছে।

এ বিষয়ে শাহ আলী থানায় একটি মামলা করেছেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০/২৫০ জনকে আসামি করা হয়।

মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দীর্ঘ ৫০ বছর ধরে গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে বলে প্রতিষ্ঠানটির ভাষ্য।

পুরানো খবর:

মিরপুরে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হল এনজিও কার্যালয়
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা সরকার চায় না: ডিএনসিসি প্রশাসক