হিযবুত তাহরীরের আত্মগোপনে থাকা এক জঙ্গি গ্রেপ্তার
আট বছর ধরে আত্মগোপনে থাকা উদয়ের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার তিনটি এবং পুলিশকে মারধরের অভিযোগে চারটি মামলা রয়েছে, বলে র্যাব জানায়।
জঙ্গি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা নাফিজ সালাম উদয়কে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব ২।
সোমবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তারের পর র্যাব জানায়, তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতায় তিনটি এবং পুলিশকে মারধরের অভিযোগে চারটি মামলা রয়েছে। তিনি ৮ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলছে, হিজবুত তাহরীর দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য উদয় নিজেকে আড়াল করতে দাঁড়ি কেটে তার পোশাক পরিবর্তন করে কামরাঙ্গীরচরে ভাঙারির ব্যবসা শুরু করেন।
“সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে গত ৮ বছর ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে।”
তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় মোট তিনটি জঙ্গি সংশ্লিষ্টতার এবং মোহাম্মদপুর থানায় পুলিশকে মারধরের একটি মামলা রয়েছে। এছাড়া আদাবর থানায় একটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
র্যাব জানায়, ২০০১ সালে উচ্চ মাধ্যমিক পাস করে উদয় অস্ট্রেলিয়া যান। সেখানে কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজির উপর গ্র্যাজুয়েশন শেষে ২০০৮ সালে দেশে ফিরে আসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে মাস্টার্স করেন।
এরপরই উদয় নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন।
“নিষিদ্ধ এই সংগঠনের শীর্ষ নেতাদের সাথে তার নিয়মিত যোগাযোগ রেখে তাদের নির্দেশমত জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করার কাজটি করতেন।”
