ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে নতুন মুক্তিযুদ্ধ গ্যালারি
গ্যালারিটি ভারত-বাংলাদেশ বন্ধুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে কাজ করবে বলে আশা ভারতের হাইকমিশনারের।
স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ গল্প, ছবি ও নথি প্রদর্শনের জন্য ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপন করা হয়েছে নতুন মুক্তিযুদ্ধ গ্যালারি।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সঙ্গে নিয়ে এই গ্যালারি উদ্বোধন করেন ঢাকায় প্রতিবেশী দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা।
গ্যালারি উদ্বোধনের খবর দিয়ে হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্যালারিটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীরত্বপূর্ণ গল্প, ছবি ও নথি প্রদর্শন করার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের সাক্ষ্য বহন করবে।
“এটি দর্শনার্থীদেরকে এই দুই দেশের ইতিহাসের অভ্যন্তরে একটি অনুপ্রেরণামূলক ভ্রমণের সুযোগ করে দেবে এবং বাংলাদেশের জনগণের বীরত্ব, প্রাণোচ্ছ্বলতা ও অদম্য চেতনার প্রতীক হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্যের ওপর জোর দেন হাই কমিশনার প্রণয় ভার্মা।
তিনি বলেন, গ্যালারিটি ১৯৭১ সালের চেতনাকে রক্ষা ও উদ্যাপন করতে ভারত ও বাংলাদেশের যৌথ অঙ্গীকারকে তুলে ধরবে যা আমাদের সম্পর্ককে দিকনির্দেশনা প্রদান অব্যাহত রেখেছে।
হাই কমিশনার ভার্মা আশা প্রকাশ করেন, গ্যালারিটি ভারত-বাংলাদেশ বন্ধুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে কাজ করবে। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মসমূহ দেখতে আসবে এবং অনুপ্রেরণা পেতে থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সূক্ষ্মভাবে কিউরেট করা এই গ্যালারির বিপুল সংখ্যক প্রদর্শনীসামগ্রী বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইকারীদের সাহসিকতা, সংকল্প ও আত্মত্যাগকে তুলে ধরে।
“এটি নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করা সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং জীবন উৎসর্গকারী অজ্ঞাতনামা লাখো মানুষের স্মৃতিকে সম্মান জানায়।”
অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক ক্ষেত্রের প্রতিনিধিসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
