স্বেচ্ছাসেবকলীগ কর্মী খুন: সাবেক থানা সভাপতিসহ আসামি ১৪
মামলার এজাহার বলা হয়েছে, আসামিরা ‘পূর্ব পরিকল্পিতভাবে’ শাহ আলমকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।
রাজধানীর মিরপুর মাজার রোডে স্বেচ্ছাসেবক লীগের কর্মী শাহ আলমকে খুনের ঘটনায় দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইসলামসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শাহ আলমের বাবা মো. সৈয়দ আলী রোববার দারুস সালাম থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
মামলায় এক নম্বর আসামি করা হয়েছে দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইসলামকে (৫০)। ইসলামের ছেলে শান্তকে (২৫) দুই নম্বর আসামি করা হয়েছে।
বাকি আসামিরা হলেন– শেখ সুমন (২৭), লিমন (৩৬), শাওন (২৪), আফজাল হোসেন গোলাপ (৩২), এনামুল করিম খোকন (৩৫), আফজাল ওরফে পাকিস্তানি আফজাল (৩২), শরিফুল ইসলাম রিজভী (২৬), জাহাঙ্গীর শেখ (৪২), রাসেল (৩৫), দিপংকর (৩৫), মো. রাজু (২৬), ইমরান হোসেন (২৮)। এর বাইরে অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৬ ছয়জনে আসামি করা হয়েছে।
মামলার এজাহার বলা হয়েছে, আসামিরা ‘পূর্ব পরিকল্পিতভাবে’ শাহ আলমকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। তবে কেন তারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু লেখেননি বাদী।
এ বিষয়ে প্রশ্ন করলে সৈয়দ আলী কিছু বলতে রাজি হননি। তিনি জানান, শাহ আলমকে সাভারের ভাকুর্তায় দাফন করা হবে।
শাহ আলম ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন। মিরপুর-১ নম্বরে তার বাসা। শনিবার রাতে ১০টার দিকে বাসায় ফেরার পথে মাজার রোডে তিনি আক্রান্ত হন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া মো. হৃদয় বলেন, কয়েকজন যুবক শাহ আলমকে ছুরিকাঘাত করে।
“রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তুলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই আমরা। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তখন ডাক্তার জানান, আগেই মৃত্যু হয়েছে।”
দারুস সালাম থানার এএসআই আব্দুল গফুর বলেন, “আধিপত্যের বিরোধে শাহ আলমকে রাস্তার মধ্যে কোপায় দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল খানের অনুসারী।”
ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা বলেন, “পুলিশ কাজ করছে। আর সোমবার ক্রাইম কনফারেন্স নিয়ে একটু ব্যস্ত।”
কী নিয়ে বিরোধ ছিল, সে বিষয়ে শাহ আলমের বাবা বা পুলিশের পক্ষ থেকে কিছু বলা না হলেও স্থানীয়রা জানান, শাহ আলী মাজার ও গাবতলী রুটের লেগুনা এবং ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়েই শত্রুতা তৈরি হয়েছিল।
