১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সফরের আগ্রহ সৌদি যুবরাজের

সৌদি যুবরাজ বলেন, “বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামী দিনে আরও এগিয়ে যাবে।”

বাংলাদেশ সফরের আগ্রহ সৌদি যুবরাজের

গত ১ জুলাই সৌদি আরবের মিনা প্যালেসে এক সংবর্ধনা অনুষ্ঠানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 08:34 PM

Updated : 06 Jul 2023, 08:34 PM

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান; নির্দিষ্ট কোনো কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই সৌদি আরবের মিনা প্যালেসে এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে এ আগ্রহের কথা জানান সৌদি যুবরাজ।

হজের আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অতিথিদের জন্য সৌদি যুবরাজের পক্ষ থেকে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে সৌদি যুবরাজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে সৌদি যুবরাজ বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামী দিনে আরও এগিয়ে যাবে’।”  

উপদেষ্টার দপ্তর জানিয়েছে, অনুষ্ঠানে সৌদি যুবরাজ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেন।

“সৌদি যুবরাজ একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেন, যাতে করে ভবিষ্যতে দুদেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি যুবরাজকে শুভেচ্ছা জানান সালমান এফ রহমান। এসময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।