সন্ধ্যার পর মিরপুরে বাসে আগুন
বাসটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর আসেনি।
দেশজুড়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন রাজধানীতে আরেকটি বাস পোড়ানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরে পরিস্থান পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান।
তিনি বলেন, তাদের দুটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিরপুর থানার ওসি মো. মোহসীন বলেন, “বাসটি বিমানবন্দর থেকে মিরপুর ১০ হয়ে স্টেডিয়ামের তিন নম্বর গেটের কাছে পৌঁছালে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।”
বাসটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর আসেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “বাসটিতে আগুন দেওয়ার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এর আগে বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরে এবং সকালে উত্তরায় দুটি বাসে আগুন দেওয়া হয়।
