ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভেঙে দেওয়ার পক্ষে নয় যুক্তরাষ্ট্র এক তারবার্তায় গতবছর দেশটির এই মনোভাব প্রকাশ করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
গত বছরের ১৪ জানুয়ারি মরিয়ার্টির পাঠানোর তারবার্তায় বলা হয়েছে- বাংলাদেশে ভারতের তখনকার হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে এক আলোচনায় তিনি (মরিয়ার্টি) র্যাব বিষয়ে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা জানান। এ বিষয়ে পিনাক দ্বিমত পোষণ করেননি।
যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ান উইকিলিকসের ফাঁস করা মার্কিন এই তারবার্তা প্রকাশ করেছে।
বাংলাদেশের সন্ত্রাসবাদবিরোধী উদ্যোগ নিয়ে আলোচনা প্রসঙ্গে মরিয়ার্টি ওই বার্তায় লেখেন, "র্যাব ভেঙে দেওয়া হাসিনা সরকারে উচিত হবে না রাষ্ট্রদূতের (মরিয়ার্টি) এ প্রস্তাবের সঙ্গেও একমত হয়েছেন পিনাক।"
মরিয়ার্টি আরো লেখেন, "র্যাব বাংলাদেশে সন্ত্রাসবিরোধী প্রধান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে কোনো কোনো আওয়ামী লীগ নেতা একে সন্দেহের চোখে দেখে থাকেন; কারণ এ বাহিনীটি গঠন করেছিলো দলটির (আওয়ামী লীগ) প্রতিদ্বন্দ্বী বিএনপি।"
ওই আলোচনায় পিনাককে মরিয়ার্টি জানান, র্যাবের জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। র্যাব যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বাংলাদেশি সংস্করণ হওয়ার মতো অবস্থায় আছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
এর আগে ২০০৮ সালের ১১ অগাস্ট এক তারবার্তায় মরিয়ার্টি জানান, "র্যাব সম্পর্কে ধারণা নিতে এবং বাহিনীটির সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার কিভাবে কাজ করতে পারে তার উপায় বের করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ১২-১৬ জুলাই ঢাকা সফর করে।
"সফরে প্রতিনিধি দল র্যাবের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জ ও সিরাগঞ্জের প্রশিক্ষণ কেন্দ্রে র্যাবের ব্যাটালিয়নের কার্যক্রম পরিদর্শন করে। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে ওই প্রতিনিধি দল।"
সফরের শেষ দিন প্রতিনিধি দলটি বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে। প্রতিনিধি দলের এসব বৈঠকে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ইন্টার-এজেন্সি কাউন্টার টেরোরিজম ওয়ার্কিং গ্র"পের প্রতিনিধিরাও অংশ নেন।
বেশ কয়েক মাস ধরে র্যাব ও দূতাবাস কর্মকর্তা এবং সফরকারী উপসচিব বার্কস-রাগলস, সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক সমন্বয়ক রাষ্ট্রদূত ডেল ডেইলিসহ ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়গুলো সামনে রেখে ওই প্রতিনিধি দল ঢাকা সফর করে।
আগের এসব বৈঠকে কর্মকর্তারা র্যাবের মানবাধিকার রেকর্ড উন্নয়নে এবং সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির দক্ষতা বাড়াতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সরকারের আগ্রহের কথা র্যাব কর্মকর্তাদের জানান।
তবে সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।
তারবার্তায় বলা হয়, "র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সুত্র ধরেই আমাদের বর্তমানের প্রশিক্ষণ বা সহায়তার পরিকল্পনা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ফলে র্যাবকে মানবাধিকার প্রশিক্ষণ ছাড়া অন্য কোনো ধরনের প্রশিক্ষণ সহায়তা যুক্তরাষ্ট্রের পক্ষে দেওয়া সম্ভব নয়।"
র্যাব কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের বৈঠকে মার্কিন কর্মকর্তারা র্যাবের আগের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড এবং আইনের অপব্যবহার ঠেকাতে ও তদন্ত করতে করণীয় নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ অ্যাকাডেমি ও ইউনিট পর্যায়ের পাঠ্যসূচিতে মানবাধিকার বিষয়টি রাখতে র্যাবের আগ্রহের বিষয়টি প্রতিনিধি দলকে জানানো হয়।
তারবার্তা অনুযায়ী, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো র্যাবের নিজস্ব শৃঙ্খলা বিধি অনুসারে এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রশাসনিক তদন্ত ও স্থানীয় বিচার ব্যবস্থার মাধ্যমে খতিয়ে দেখা এবং ব্যবস্থা নেওয়া হয় বলে মরিয়ার্টিকে জানান র্যাব কর্মকতারা।
ম্যাজিস্ট্রেটদের তদন্ত প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে প্রতিনিধি দলের একাধিক অনুরোধের মুখে র্যাব কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সরকারকে তথ্য দেওয়ার প্রতিশ্র"তি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/এমএসবি/২২৫০ ঘ.
bdnews24