২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

সৌদি আরবে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন সেদেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন হবে হজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 01:01 PM

Updated : 19 Jun 2023, 01:01 PM

বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে হবে, সেই তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা হবে।

সোমবার নতুন চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৯ জুন।

আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ হবে ৩০ জুন।

জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ পালন করেন। এই উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

সৌদি আরবে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন সেদেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন হবে হজ।

বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালনে সৌদি আরব জড়ে হচ্ছেন। বাংলাদেশ থেকে এক লাখের বেশি মানুষ যাচ্ছেন হজ পালনে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে কিংবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। 

পুরনো খবর

পুরনো খবর:

চাঁদ উঠেছে সৌদি আরবে, হজ ২৭ জুন