২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের পোশাকে 'চাঁদাবাজির’ অভিযোগে যুবক গ্রেপ্তার

সোহান দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল বলে র‍্যাবের ভাষ্য।

পুলিশের পোশাকে 'চাঁদাবাজির’ অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড থেকে সোহান শিকদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 03:01 PM

Updated : 28 Oct 2022, 03:01 PM

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের পোশাক পরে 'চাঁদাবাজি' করার সময় এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মো. সোহান শিকদার নামের ২৪ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, “পুলিশের ট্র্যাকসুট, 'রিফ্লেক্টিং ভেস্ট' পরা অবস্থায় চাঁদা তোলার সময় সোহান শিকদারকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন এভাবে পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।“

এই র‍্যাব কর্মকর্তা জানান, একদল ‘সন্ত্রাসী’ পুলিশ পরিচয়ে মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি করছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ পাচ্ছিলেন তারা।

গ্রেপ্তারের সময় সোহানের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি শোল্ডার লাইট, একটি টর্চ লাইট ও একটি মোবাইলফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‍্যাব।