২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ফের ময়লার ঝুড়িতে সাড়ে ৩ কেজি সোনা

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এসব সোনার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 07:32 PM

Updated : 07 Oct 2022, 01:41 PM

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবর্জনা ফেলার জায়গা থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে তিন কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ১২ নম্বর ‘বে’ এর পাশে রাখা ময়লার ঝুড়ি থেকে টেপ দিয়ে প্যাঁচানো ৩০টি স্বর্ণের বার পাওয়ার কথা জানান ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তা নাফিস আমিন রিজভি।

তিনি জানান, আবর্জনা ফেলার জায়গায় স্কচটেপ মোড়ানো লম্বা লাঠির (স্কেল) মত বস্তু দেখা যায়। সাধারণত উড়োজাহাজে টেপ পেঁচিয়ে স্কেল বানিয়েই স্বর্ণ চোরাচালান করা হয়। সেই ধারণা থেকে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেটি খুলে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। এগুলোর ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে তিনি জানান।

এ বিষয়ে বিমানবন্দর থানায় আজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।

এর আগে গত এপ্রিলে শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আবর্জনার পলিথিন থেকে ৮ কেজি ১২০ গ্রাম এবং বিমানবন্দরের টার্মিনাল ভবনে স্পাইসেস রেস্টুরেন্টের পাশে একটি শৌচাগারের ময়লার ঝুড়ি থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়।

আর ১১ সেপ্টেম্বর রাতে বিমান বাংলাদেশের একটি বোয়িং উড়োজাহাজ প্রায় ১২ ঘণ্টা তল্লাশি চালিয়ে দুটি আসনের তলা থেকে ১ কেজি ৮৫০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছেন ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। বারগুলো সিটের নিচে পাইপের ভেতরে রাখা হয়েছিল।

আরও পড়ুন:

পুরনো খবর:

বিমানে সোনা মেলে, যারা রাখে তারা ধরা পড়ে না
বিমানবন্দরে ফের আবর্জনার মধ্যে ৮ কেজি সোনার বার