২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা অভিযোগে মামলা: বাদীকে জরিমানার আদেশ স্থগিত

চেক প্রত্যাখানের দুই মামলায় আসামিকে অব্যাহতি দিয়ে বাদীকে ৩০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছিল হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 06:28 PM

Updated : 28 Aug 2023, 06:28 PM

চেক প্রত্যাখ্যানের ‘মিথ্যা মামলা’ করার দায়ে এক ব্যক্তিকে হাই কোর্টের দেওয়া ৩০ লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।   

চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম সোমবার এ আদেশ দেন। 

ব্যাংকের চেক প্রত্যাখানের দুটি মামলায় গত ২৪ অগাস্ট আসামিকে অব্যাহতি দিয়ে বাদী জাহাঙ্গীর আলম ইউনুছকে ৩০ লাখ টাকা জরিমানা করেন বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ। 

ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ইউনুছ। 

চেম্বার আদালতে ইউনুছের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও মো. অজিউল্লাহ। সঙ্গে ছিলেন আমিনা আক্তার। 

শুনানি নিয়ে হাই কোর্টের আদেশটি আপিল বিভাগ আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে বলে আপিলকারীর আইনজীবী জানিয়েছেন। 

মামলার নথি থেকে জানা যায়, সিঅ্যান্ডএফ এজেন্ট গোলাম ফারুকের কর্মচারী জাহাঙ্গীর আলম ইউনুছ ২০১১ সালে চাকরি থেকে অব্যাহতি নেন। পরে গোলাম ফারুকের বিরুদ্ধে তিনি ২০১১ সালের ১৬ নভেম্বর ১ লাখ ৮ হাজার টাকার চেক প্রত্যাখ্যানের (ডিজ-অনার) প্রথম মামলাটি করেন। 

ওই মামলা চলমান অবস্থায় ২০১৩ সালে ২০ লাখ টাকার চেক প্রত্যাখ্যানের আরেকটি মামলা করেন। 

চট্টগ্রাম মহানগরের দ্বিতীয় ও সপ্তম যুগ্ম দায়রা জজ আদালতে মামলা দুটির বিচার হয়। প্রথম মামলায় আসামি গোলাম ফারুকের সাজা হয়, দ্বিতীয়টিতে তিনি খালাস পান। 

খালাসের রায়ের বিরুদ্ধে ২০১৮ সালে বাদী ইউনুছ হাই কোর্টে আপিল করেন। অন্যদিকে সাজার রায়ের বিরুদ্ধে গোলাম ফারুকও রিভিশন আবেদন করেন। 

মামলা দুটির একত্রে শুনানি শেষে হাই কোর্ট উভয় মামলায় আসামি গোলাম ফারুককে খালাস দেন এবং একই সঙ্গে মিথ্যা মামলা দায়ের করায় জাহাঙ্গীর আলম ইউনুছকে ৩০ লাখ টাকা জরিমানা করেন।

আও খবর

মিথ্যা অভিযোগে মামলা করায় ৩০ লাখ টাকা জরিমানা