২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কবাসীর ‘লং লিভ বাংলাদেশ’ স্লোগানে অনুপ্রেরণা

তুরস্কে ভূমিকম্পে উদ্ধার কাজে সহায়তা শেষে দেশে ফিরে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2023, 11:36 PM

Updated : 27 Feb 2023, 07:57 PM

তুরস্কে ভূমিকম্পে ছয় তলা বাড়ি ধসে একতলার স্তুপে পরিণত হওয়ার পর সেটির ভেতরে ঢুকে কাউকে বের করাটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কঠিন কাজটিই করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল। এমন ঝুঁকি নিয়ে কাজ করা সম্ভব হয়েছে যখন তুরস্কবাসী ‘লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ’ বলে শ্লোগান দিচ্ছিল।

বুধবার সংবাদ সম্মেলনে এভাবেই ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের উদ্ধারকাজে সহায়তার সময় নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর গত ৮ ফেব্রুয়ারি সেনাবাহিনীর নেতৃত্বে ৬১ সদস্যের একটি দল তুরস্কে উদ্ধার কাজে অংশ নিয়ে ২০ ফেব্রুয়ারি দেশে ফিরে আসে। ওই দলে ১২ জন ফায়ার সার্ভিসের সদস্য ছিলেন।

ভূমিকম্পে উদ্ধারের কাজে সহায়তা দিয়ে দেশে ফেরার পর ওই দলের সদস্য যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ তার অভিজ্ঞতা বর্ণনা করেন।

তিনি বলেন, “একই পরিবারের চারজন, মানে বাবা-মা এবং তাদের দুই সন্তানের মৃতদেহ উদ্ধারের সময় তারা ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে চিৎকার করেছে। এখানেই বাংলাদেশ দল অনুপ্রেরণা পেয়েছে কাজ করতে। ঝুঁকি থাকলেও ধংসস্তুপের নিচে যেতে হয়েছে।”

আরেক সদস্য ঢাকা বিভাগের উপ পরিচালক দিনমনি শর্মা বলেন, “দেশের জন্য, দেশের সুনাম রক্ষার জন্য, বিপদ জেনেও কাজ করেছি।”

তুলনা টানতে গিয়ে তিনি বলেন, “রানা প্লাজা শুধু একটি ভবন, যেখানে ১৭ দিন কাজ করতে হয়েছে। আর তুরস্কের ১০ প্রদেশে হাজার হাজার ভবন ধংসস্তুপে পরিণত হয়েছে। যখন আদিয়ামান শহরে গেলাম তখন পুরো শহর বিধ্বস্ত। জনমানব শূন্য। কিন্তু শহরটি ছিল পুরো পরিকল্পিত। বড় বড় রাস্তাঘাট, সারিবদ্ধ বাড়ি ডিওএইচএসর মত। সবগুলোই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

“ছয় তলা ভবন এক তলা হয়ে গেছে। সেখানকার ভেতর থেকে কাউকে বের করা ছিল কঠিন চ্যলেঞ্জ। এসব ভবনের ভেতরে প্রবেশের সময় অনেক ঝুঁকি ছিল। ওখানে বারবার ভূমিকম্প হচ্ছিল।”

তিনি বলেন, “অনেক উন্নত দেশ উন্নত যন্ত্রপাতি নিয়ে গেলেও নির্ধারিত সময়ে তুরস্ক ত্যাগ করে। শুধু বাংলাদেশ দলকে তুরস্ক সরকার আরও পাঁচ দিন থাকার অনুরোধ করে।”

সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, “এই সরকারের আমলে তাদের পেশাগত দক্ষতা অনেক উঁচুতে সেটার প্রমাণও দেখাতে পেরেছেন এ বাহিনীর সদস্যরা।”

বাংলাদেশে ফায়ার সার্ভিসের ১৪ হাজার প্রশিক্ষিত কর্মী থাকলেও তুরস্কের মত দুর্যোগ মোকাবেলার জন্য তা যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি।

তবে ফায়ার সার্ভিসের নিয়মিত কর্মী বাহিনী ছাড়াও ৫০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “বিভিন্নভাবে প্রশিক্ষণ চলছে। গত বছর দেড় লাখের মত গার্মেন্ট কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া।

“আমাদের ঢাকা শহর ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে - এটা বিশেষজ্ঞাদের মতমত। আমাদের শহরটা কতটুকু পরিকল্পিত? - এই উত্তর সবার জানা। যদি ভূমিকম্প হয় তা হলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যেখানে আছি, সেখানে আমাদের কার কী করণীয়, সেটা জানা থাকা দরকার।”

পুরনো খবর:

তুরস্ক থেকে ফিরেছে উদ্ধারকারী দল
তুরস্কে এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করল বাংলাদেশ দল
তুরস্কে কিশোরীকে জীবিত উদ্ধার করল বাংলাদেশ দল

আরেক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, “একটা ফায়ার স্টেশনে যা যা সরঞ্জাম থাকার কথা, সে অনুযায়ী ৯০ ভাগ আছে। তবে এটাও সত্য যে এই সরঞ্জাম দিয়ে সারা দেশের মানুষকে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।”

পুরাতন ঢাকার চুরিহাট্টাসহ অন্যান্য ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস প্রধান জানান, চুরিহাট্টার পর তারা আর কোনো ‘ফায়ার লাইসেন্স’ ওইসব এলাকায় দেন না। এখন যা চলছে তা অবৈধ। আগামী সপ্তাহে সিটি করপোশেনকে সাথে নিয়ে তারা অভিযানে নামবেন।

তিনি বলেন, “প্রথমেই যাব যেখানে আইন মানা হয়নি বা ‘ফায়ার সেফটি প্ল্যানটা ইমপ্লিমেন্ট’ করা হয়নি। সেটা ফায়ার সার্ভিস দেখবে।”