১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন রাজশাহী ও সিলেটের মেয়র

দুই মেয়রকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলররা শপথ নেন স্থানীয় সরকার মন্ত্রীর কাছ থেকে।

শপথ নিলেন রাজশাহী ও সিলেটের মেয়র

রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 02:30 PM

Updated : 03 Jul 2023, 02:30 PM

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব পালনের শপথ নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে তার কার্যালয়ে রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।

পরে একই স্থানে দুই সিটির সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।

গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুর্শিদ আলম পান ১৩ হাজার ৪৮৩ ভোট।

একই দিনে সিলেট সিটি করপোরেশনেও ভোট হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হন ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল নজরুল ইসলাম বাবু পান ৫০ হাজার ৩২১ ভোট।

এ দুই সিটির আগে ২৫ মে গাজীপুর এবং ১২ মে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট হয়। ওই তিন সিটির নতুন মেয়র ও কাউন্সিলররাও সোমবার আলাদা অনুষ্ঠানে শপথ নেন।