এনআইডি সার্ভার বন্ধ, বিপাকে সেবাপ্রত্যাশীরা
কর্মকর্তারা বলছেন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার রাত থেকে সার্ভার বন্ধ রাখা হয়েছে, ‘শিগগিরই’ তা আবার চালু করা হবে।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা সকাল থেকে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সেবাপ্রত্যাশীরা।
কমিশনের কর্মকর্তারা বলছেন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার রাত থেকে সার্ভার বন্ধ রাখা হয়েছে, ‘শিগগিরই’ তা আবার চালু করা হবে।
‘সাইবার হামলার ঝুঁকি এড়াতে’ এনআইডি তথ্যভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে কোনো কোনো সংবাদমাধ্যমে খবর এলেও তা অস্বীকার করেছেন নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।
বুধবার দুপুর ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এনআইডি সেবা সাময়িক বন্ধ রয়েছে মেনটেইনেন্সের কারণে। সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে এমন নয়। ঘণ্টাখানেকের মধ্যে আবার সেবা চালু হবে বলে আমরা আশা করছি।”
মঙ্গলবার রাত থেকে সার্ভার মেনটেইনেন্সের কাজ শুরু হয়েছে জানিয়ে সিস্টেম ম্যানেজার বলেন, “এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান রয়েছে। সরকারি ছুটি থাকলে আমরা মেনটেইনেন্সের কাজ করি।"
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার ছিল সরকারি ছুটি। বুধবার সকালে এনআইডি সার্ভারে ঢুকতে গিয়ে বিপাকে পড়েন অনেকে।
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। ১৭১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সার্ভার বন্ধ থাকায় সবগুলো সেবাই বিঘ্নিত হচ্ছে।
সম্প্রতি জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
এর মধ্যে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) যেখানে ১৫ অগাস্ট ঘিরে সাইবার হামলার হুমকি পেয়ে এ মাসের শুরুতে সতকর্তা জারি করে।
