২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মোমবাতি থেকে শাড়িতে আগুন, বাঁচানো গেল না দীপালিকে

ষাট বছর বয়সী দীপালি বেসরকারি টিভি স্টেশন ডিবিসির সম্পাদক প্রণব সাহার বড় বোন।

মোমবাতি থেকে শাড়িতে আগুন, বাঁচানো গেল না দীপালিকে

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 07:47 PM

Updated : 18 Oct 2022, 07:47 PM

ঢাকার হাজারীবাগে নয় দিন আগে মোমবাতি থেকে শাড়িতে আগুন লেগে দগ্ধ দীপালি রানী সাহা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

৬০ বছর বয়সী দীপালি বেসরকারি টিভি স্টেশন ডিবিসির সম্পাদক প্রণব সাহার বড় বোন। মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীপালির শরীরের ৩০ শতাংশ দগ্ধ হলেও শ্বাসনালী বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

গত ৯ অক্টোবর সন্ধ্যায় হাজারীবাগের চেয়ারম্যানগলির বাসায় দগ্ধ হন দীপালি। একমাত্র সন্তানকে নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।

প্রণব সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় তার বোন বাসায় একা ছিলেন।

“ছেলে বাসার বাইরে গিয়েছিল। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালানো ছিল ঘরে।ওই মোমবাতি থেকেই শাড়িতে আগুন লাগে। দগ্ধ অবস্থায় ছেলেকে ফোন করে বাসায় আনেন তিনি।”

পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিস্টিউটে নেওয়া হয় দীপালিকে। সেখানে তিন দিন পর আইসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে গত রোববার তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।

দীপালি রানী সাহার স্বামী গণেশ চন্দ্র সাহা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বছর খানেক আগে তিনি মারা যান। এই দম্পত্তির একমাত্র সন্তান দেবজিৎ সাহা বেসরকারি টিভি ‘এখন’ এ কর্মরত আছেন।