২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের এক বছর পর কিশোরীকে উদ্ধার

ওই কিশোরী বাসা থেকে নিজেই চলে গিয়েছিল; তাকে কেউ অপহরণ করেনি বলছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 04:43 PM

Updated : 23 Sep 2026, 04:43 PM

রাজধানীর বংশাল থেকে নিখোঁজের প্রায় এক বছর পর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকার শাহ আলী থানার একটি বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা উপ কমিশনার আকতার হোসেন বংশাল থানা পুলিশের বরাত দিয়ে বলেন, “২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই কিশোরী। পরদিন তার বাবা বংশাল থানায় জিডি করেন।

“জিডির তদন্তের সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার রাত আড়াইটার দিকে শাহ আলী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে বংশাল থানা পুলিশ। উদ্ধারের পর কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ওই কিশোরী কীভাবে নিখোঁজ হয়েছিল এবং এত দিন কার কাছে ছিল এমন প্রশ্নে বংশাল থানার ওসি আশিক ইকবাল বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “ওই কিশোরী মূলত বাসা থেকে নিজেই চলে গিয়েছিল; তাকে কেউ অপহরণ করেনি। এতদিন মিরপুরে সে তার এক বন্ধুর সঙ্গে ছিল। ফোন বা অন্যান্য ইলেট্রিক ডিভাইস চালু না করায় এত দিন তাকে শনাক্ত করা যায়নি।”