২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুত্বের মশাল নেবে যুদ্ধবীরদের পরের প্রজন্ম, আশা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, “আমি সত্যিই দেখতে চাই যে, যুদ্ধবীরদের বংশধররা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের দূত হিসেবে কাজ করছে।”

বন্ধুত্বের মশাল নেবে যুদ্ধবীরদের পরের প্রজন্ম, আশা প্রধানমন্ত্রীর

ছবি: পিআইডি

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 09:11 PM

Updated : 07 Sep 2022, 10:51 PM

মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যুদ্ধবীরদের পরবর্তী প্রজন্ম ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বের দূত হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার নয়াদিল্লির আইটিসি মাউরিয়া হোটেলে স্থানীয় সময় বেলা ৩টায় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শহীদ এবং যুদ্ধাহত ভারতীয় সেনা পরিবারের সন্তানদের ‘মুজিব স্কলারশিপ’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি সত্যিই দেখতে চাই যে, যুদ্ধবীরদের বংশধররা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের দূত হিসেবে কাজ করছে এবং তাদের মহান পূর্বপুরুষদের মতোই তাদের অবদান।

“আমরা মনে করি, দুই দেশের তরুণদের মধ্যে নিবিড় আদান-প্রদান বাড়াতে হবে এবং অভিন্ন ইতিহাসের সঙ্গে নিজেদের যুক্ত করতে হবে।

“কারণ তারাই ভবিষ্যতের নেতা, তাদের অবশ্যই সীমান্তের উভয়পাশে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে, অতীতে আমাদের নেতারা যেমনটা করেছেন।”

সরকার প্রধান তার বক্তব্যের শেষে বলেন, “আমি নতুন প্রজন্মের জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করে শেষ করতে চাই, যাতে তারা আগামী ৫০ বছর এবং তার পরেও বন্ধুত্বের মশালকে বয়ে নিতে পারে।”

মুক্তিযুদ্ধে ভারতের যে নাগরিকরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের শ্রদ্ধা জানিয়ে পরিবারের নবীন ২০০ সদস্যকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘মুজিব স্কলারশিপ’ দেওয়া হচ্ছে।

এর মধ্যে দশম শ্রেণির ১০০ জন এবং দ্বাদশ শ্রেণির ১০০ শিক্ষার্থী এই বৃত্তি পাচ্ছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতের প্রবীণ বীর নাগরিকদের বংশধরদের জন্য এটা আমাদের শ্রদ্ধার প্রতীক, যারা ১৯৭১ সালে আমাদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন।”

তিনি বলেন, “যেহেতু আমরা প্রজন্ম থেকে প্রজন্মে মহান পূর্বপুরুষদের উত্তরাধিকারকে এগিয়ে নিতে চাই,তাই তরুণ প্রজন্মকে সেই ঐতিহাসিক অতীতের সঙ্গে সংযুক্ত করতে এটা আমাদের বিনম্র প্রচেষ্টা, তারা এর গর্বিত অংশ।”

সরকার প্রধান বলেন, “আমরা বিশ্বাস করি, বৃত্তিপ্রাপ্তরা তাদের পূর্বপুরুষদের বীরত্বের স্মৃতি পুনরায় অনুধাবন করার সুযোগ পাবে, বর্তমান পরিস্থিতির সঙ্গে এটিকে যুক্ত করবে এবং দুই দেশের মধ্যে সেতুবন্ধন অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মান জানাতে বাংলাদেশ সরকারের কর্মসূচির কথা তুলে ধরেনে শেখ হাসিনা।

“আমরা সৌভাগ্যবান যে, ২০১১ সালে প্রথম অনুষ্ঠান করতে পেরেছিলাম যখন বিদেশি বন্ধুদের জন্য সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘বাংলাদেশ ফ্রিডম অ্যাওয়ার্ড’ সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে প্রদান করা হয়েছিল।”

পরবর্তীতে সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী এবং সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জীসহ যোগ্য ভারতীয় নেতাদের পুরষ্কার প্রদান করা হয়।

পর্যায়ক্রমে যুদ্ধবীর এবং ভারতের নাগরিক সমাজের সদস্যদেরও সম্মানিত করা হয়। মোট ৩৪০ জন বিদেশি নাগরিক ও সংস্থাকে সম্মানিত করা হয়েছে। তাদের মধ্যে ২২৬ জন শুধু ভারতের বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতে শেখ হাসিনা বলেন, “আজ আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। এই ইভেন্টটি বিশেষ করে আমার হৃদয়ের খুব কাছের কারণ এটি আমাদের জন্য সকল শহীদদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানানোর সুযোগ বাংলাদেশ এবং ভারত উভয়েরই।

“যারা ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় জীবন দিয়েছেন। আমাদের যুদ্ধবীরদের বংশধর ও পরিবারের সদস্যরা, আমি সত্যিই আপনাদের সঙ্গে পুনরায় নিজেকে সংযুক্ত করতে পেরে আনন্দিত।”

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির ২৪ বছরের অর্থনৈতিক,সাংস্কৃতিক ও গণতান্ত্রিক মুক্তির সংগ্রামের ইতিহাস স্মরণ করেন শেখ হাসিনা।

“আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করেছিলেন। আমরা ভারতের সরকার এবং জনগণের কাছ থেকে বন্ধুত্বের একটি অতুলনীয় উদাহরণ প্রত্যক্ষ করেছি,কারণ আমাদের সহানুভূতি,আশ্রয় এবং সংস্থান দেওয়া হয়েছিল।”

প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের ভারতীয় ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের মুক্তিযুদ্ধের জন্য তাদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন এবং রক্ত ঝড়িয়েছেন।

“তোমাদেরকে আমার অভিবাদন, তোমাদের সাহসী হৃদয়কে ... আমাদের বীরগণ!”

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ইংরেজিতে বক্তব্য দিলেও পরে বাংলায় কথা বলে শেষ করেন।

শেখ হাসিনা এসময় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের পাশে থেকে ভারতবাসী এবং ভারতের স্বশস্ত্র বাহিনীর সদস্যদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা তাদের সকলের প্রতি, সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি।”

শেখ হাসিনা বলেন, “তাদের বাবা, দাদা বা তাদের পরিবার যে আত্নত্যাগ করেছে আমাদের স্বাধীনতার জন্য, আমরা বাংলাদেশের জনগণ যেন কখনো সেটা ভুলে না যাই। আমাদের বন্ধুত্ব যেন চিরদিন অটুট থাকে। সেটাই আমি চাই।”

মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, “এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, চিকিৎসা দিয়েছে, সহযোগিতা করেছে। মুক্তিযোদ্ধাদের পাশে থেকে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে।

“কাজেই আমাদের যুগ যুগ ধরে এটা স্মরণ করতে হবে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের সরকার এবং জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের দুই দেশের বন্ধুত্ব অটুট থাকুক, সেটাই আমি চাই।”