১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নায়ক-নায়িকার অনুপস্থিতিতেই মুক্তি পাচ্ছে ‘আনন্দ অশ্রু’

“সাধারণত নায়ক-নায়িকার বিয়ে দিয়ে সিনেমার গল্প শেষ হয়; কিন্তু আমাদের গল্প শুরু হয় নায়ক-নায়িকার বিয়ে হয়ে যাওয়ার পর।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 03:12 PM

Updated : 13 Nov 2026, 03:12 PM

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’।

প্রেমের গল্পের এই সিনেমাটি বানিয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক।

পরিচালক বলেন, “সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ দেশের ৪০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যা ঈদ পরবর্তী সময়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে দর্শকরা আমার সিনেমাটি দেখতে পাবেন৷”

মানিক জানিয়েছেন, প্রেমের গল্পের এই সিনেমায় সাইমন ‘ফরহাদ’ ও মাহি ‘শিরিন’ চরিত্রে অভিনয় করেছেন। মাহি বর্তমানে কলকাতায় এবং সাইমন নিউ ইয়র্কে আছেন। তাই সিনেমার প্রচার কাজে অংশ নিতে পারছেন না তারা।

গল্প নিয়ে মানিক বলেন, “সাধারণত নায়ক-নায়িকার বিয়ে দিয়ে সিনেমার গল্প শেষ হয়; কিন্তু আমাদের গল্প শুরু হয় নায়ক-নায়িকার বিয়ে হয়ে যাওয়ার পর। আমাদের স্লোগানও হলো, ‘সবার গল্প যেখানে শেষ, আমাদের গল্প সেখানে শুরু’।”

নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটির একই নামে একটি দর্শকপ্রিয় সিনেমা ছিল।

তবে এটি সেই সিনেমার পুনর্নির্মাণ নয় জানিয়ে মানিক বলেন, “নাম শুনে অনেকেই মনে করছেন, সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’র রিমেক করেছি। আসলে তা নয়, এটি সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। আগের সিনেমার সঙ্গে এর গল্পের কোনো মিল নেই।”

মানিক জানিয়েছেন, দুই বছর আগে দৃশ্যধারণ করা হয়েছে সিনেমাটির।

সুদীপ্ত সাইদ খানের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান ও মানিক।

সাইমন-মাহি ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, মারুফ আকিব, চিকন আলী এবং বিশেষ চরিত্রে জয় চৌধুরী।

এর আগে সাইমন-মাহি জুটিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মানিক, যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।