০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

নিজের শেষ অনুশীলন সেশনে আপ্লুত ওতামেন্দি

অভিজ্ঞ এই ডিফেন্ডারের মনে হচ্ছে, তার জীবনের বড় একটা অংশের যেন ইতি ঘটতে যাচ্ছে।

নিজের শেষ অনুশীলন সেশনে আপ্লুত ওতামেন্দি

শেষবারের মতো আর্জেন্টিনার অনুশীলনে নিকোলাস ওতামেন্দি (মাঝে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 06:58 PM

Updated : 06 Oct 2026, 06:58 PM

লিওনেল মেসির বিদায়ী ম‍্যাচের আবেগে ভাসছে আর্জেন্টিনা। এই সময়ে আড়ালেই পড়ে গেছেন নিকোলাস ওতামেন্দি। তিনিও শেষবার অনুশীলন করেছেন জাতীয় দলের সঙ্গে। অভিজ্ঞ এই ডিফেন্ডারের মনে হচ্ছে, জীবনের একটা বড় অংশের যেন ইতি ঘটছে।

মেসির মতোই গত বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ওতামেন্দি। বেনিনের বিপক্ষে মহাতারকার বিদায়ী ম‍্যাচে অংশ নিতে বিশেষভাবে আমন্ত্রণ পেয়ে দলে এসেছেন তিনি।

ইনস্টাগ্রামে সতীর্থ, কোচ ও অন‍্য স্টাফসহ একটি গ্রুপ ছবি দিয়ে নিজের বিদায়ী বার্তা দেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।

“ধন‍্যবাদ, জাতীয় দল। সব কিছুর জন‍্য ধন‍্যবাদ।”

শেষবার অনুশীলনে এসে কেমন লাগছে, প্রকাশ করেন সেই অনুভূতিও।

“মাঠের দিকে যখন তাকালাম, সব স্মৃতি যেন হুড়মুড় করে ফিরে এলো। প্রথম পদক্ষেপ, কঠিন সময়, আনন্দ, অশ্রু, জয় এবং হারও- যা আমাদের বারবার উঠে দাঁড়াতে শিখিয়েছে। মাঠের প্রতিটা কোণে যেন লুকিয়ে আছে একটি গল্প, প্রতিটি চাহনি বয়ে আনছে বিদায়ের বার্তা, প্রতিটি মুহূর্ত আমাকে মনে করিয়ে দিচ্ছিল এই জার্সি পরার অর্থ কী ছিল।

“আজকের অনুশীলন সেশন শেষ হলো, এর সঙ্গে আমার জীবনের একটি বড় অধ‍্যায়ের ইতি ঘটল। এমন সব স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি যা চিরকাল আগলে রাখব এবং এমন গৌরব নিয়ে যাচ্ছি যা কখনও ম্লান হবে না।”

দীর্ঘ দিনের সতীর্থ মেসির বিদায় বেলায় সঙ্গী হতে পারায় উচ্ছ্বসিত ওতামেন্দি।

“আগামীকাল খুব বিশেষ একটি দিন, কারণ এটি হতে যাচ্ছে সর্বকালের সেরা খেলোয়াড়ের (বিদায়ের) দিন। তোমার গল্পের অংশ হতে পারাটা সৌভাগ্যের ছিল, ছোট্ট বন্ধু।”