এনসিটিবিতে ব্রেইল সেন্টার স্থাপন করা হবে: দীপু মনি
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার আধুনিক উপকরণ এবং শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষক সহায়িকা বাস্তবায়ন করার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী
জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল সেন্টার স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রতিবন্ধী মানুষের জীবনযাত্রা কেন্দ্র কৃষ্টির আয়োজনে ‘প্রমিত বাংলা ব্রেইল নির্দেশিকার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময়ে শিক্ষামন্ত্রী এ প্রতিশ্রুতি দেন।
বিজ্ঞান ও গণিত শিক্ষায় ব্রেইল সিস্টেমে কিছু সমস্যা রয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “সরকার এই সমস্যা সমাধানে চেষ্টা করবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নবম ও দশম শ্রেণিতে গ্রুপভিত্তিক বিভাজন থাকবে না। সেক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের অবশ্যই গণিত ও বিজ্ঞান পড়তে হবে।”
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার বিভিন্ন আধুনিক উপকরণ এবং শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষক সহায়িকা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
দীপু মনি বলেন, “আমরা সকলেই হয়ত কোন না কোন কাজ করতে পারি না। শুধুমাত্র যারা দেখতে পায় না, তাদেরকে আমরা অন্য দৃষ্টিতে দেখি, যা মোটেই কাম্য নয়।”
সভায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের করুণা করার প্রয়োজন নেই। তাদের সুযোগ দিলেই তারা অনেক দূর এগিয়ে যাবে। সে পথটি আমাদের তৈরি করে দিতে হবে।”
সভায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার দাবি জানানো হয়।
কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে গবেষণার মাধ্যমে ব্রেইল পদ্ধতিকে শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুললেও আমাদের দেশে তা দেখা যাচ্ছে না।”
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে শিক্ষা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, “আধুনিক ও যুগোপযোগী বাংলা ব্রেইল পদ্ধতি প্রচলন এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার দ্বার প্রসারিত করা এখন সময়ের দাবি।”
সভায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কিছু সুপারিশ তুলে ধরা হয়, যার মধ্যে আছে-
>> ব্রেইল বিশেষজ্ঞ (বিষয়ভিত্তিক) শিক্ষকদের মাধ্যমে তত্ত্বাবধান,
>> বাংলা ব্রেইল প্রমিতকরণের পাশাপাশি ব্রেইল বই শিক্ষার্থীদের জন্য বোধগম্য করা,
>> প্রমিত বাংলা ব্রেইল নির্দেশিকার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণের জন্য আধুনিক যুগোপযোগী মডিউল প্রস্তুত করা,
>> মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের আয়োজন করা,
>> প্রমিত বাংলা ব্রেইল নির্দেশিকা সব শিক্ষার্থী এবং শিক্ষকের কাছে পৌঁছে দেওয়া,
>> গণিত ও বিজ্ঞান শিক্ষার জন্য ব্রেইল আধুনিকায়নসহ নানা উপকরণ ব্যবহার ও আধুনিক পদ্ধতির প্রচলন করা,
>> উচ্চ শিক্ষার জন্য বাংলা ব্রেইলকে উপযুক্ত এবং শিক্ষার্থীবান্ধব করে প্রণয়ন,
>> প্রমিত বাংলা ব্রেইলের জন্য (টেক্সট টু ব্রেইল) সফটওয়্যার উদ্ভাবন করা।
