২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ইইউর উদ্বেগ

রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে ইউরোপের দেশগুলো।

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ইইউর উদ্বেগ

যশোর সদরের ফতেহপুর ইউনিয়নের বাউলিয়ায় শনিবার বিএনপির পদযাত্রা বাধা পায় পুলিশের কাছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 10:23 PM

Updated : 12 Feb 2023, 10:24 PM

নির্বাচনের বছর খানেক আগে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলো।

গত কয়েকদিনে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে সংঘষের প্রেক্ষাপটে রোববার ঢাকায় ইইউ কার্যালয় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।

এতে বলা হয়, “ইইউ এবং ইইউ সদস্য দেশগুলোর ঢাকা মিশন সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণভাবে ও আইন মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদাত্ত আহ্বান জানাচ্ছে।”

পুরনো খবর:

‘পদযাত্রা’, ‘শান্তি সমাবেশ’ মুখোমুখি, জেলায় জেলায় সংঘর্ষ

সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে শনিবার দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এদিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে।

বিএনপির এ কর্মসূচির দিনে তৃণমূলের নেতাকর্মীদেরকে সক্রিয় করতে ‘শান্তি সমাবেশ’র কর্মসূচি ডাকে আওয়ামী লীগ। তবে ক্ষমতাসীন দলটি একে ‘পাল্টা কর্মসূচি’ বলতে নারাজ।

দুই পক্ষের কর্মসূচিতে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে সহিংসতার খবর আসতে থাকে। কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মী, কোথাও পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির মঞ্চে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমাবেশ করার ঘটনাও একটি জেলায় ঘটে।