২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের ওপর আক্রমণকারীদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির

“আমি আশা করি, সরকার যথাযথ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনবে,“ বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 06:55 PM

Updated : 20 Dec 2023, 06:55 PM

ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তুলে তাদের বিচারের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার সুপ্রিম কোর্টে ১১তলা রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেন।

মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার আগুনে পুড়ে মা ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। এছাড়া বুধবার দিনাজপুরে ট্রেন লাইন তুলে ফেলে অজ্ঞাতপরিচয় নাশকতাকারীরা।  

প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, “দুষ্কৃতকারীদের বিচার সবাই তো সবসময় চায়। যারা দুষ্কৃতকারী তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এটা মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা নয়। এটা পঞ্চগড় বা নোয়াখালী এক্সপ্রেসে হলেও দুষ্কৃতকারীদের বিচারের কথা বলা হত।

“যারা মানুষের ওপর আক্রমণ করে তাদের মনুষ্যত্ব আছে কি না তাতে সন্দেহের অবকাশ আছে। আমি আশা করি সরকার যথাযথ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনবে।“

রেকর্ড ভবন স্মার্ট জুডিশিয়ারি গড়ার অন্যতম পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।

অন্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাই কোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. ইকবাল কবীর, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ও স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

দিনাজপুরে রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা  

স্বামীর লাশ নিতে মর্গে ঘুরছেন সাজনা