২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জয়পুর বিমানবন্দনে স্থানীয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ভারত সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

ভারতে রাষ্ট্রীয় সফরের শেষ দিন বৃহস্পতিবার রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান রাজ্যের শিক্ষামন্ত্রী বুলাকী দাস কল্লা।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 07:39 PM

Updated : 08 Sep 2022, 07:50 PM

চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারত থেকে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

জয়পুরের স্থানীয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সোমবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান।

বিমানবন্দরে শেখ হাসিনার জন্য ছিল লাল গালিচা, একটি সাংস্কৃতিক দলের পরিবেশনার মধ্য দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়।

এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি নিরাপত্তা, স্থিতিশীলতা আর সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে বাংলাদেশ।

সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্থল ও জলপথে যোগাযোগের উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি নিজামউদ্দিন আউলিয়ার দরগাহও জিয়ারত করেন।

একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চলতি বছরে ১৬ ডিসেম্বরের মধ্যে ভারতের গোড্ডা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালনের প্রতিশ্রুতি দেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। পরে রাতে বাংলাদেশ হাই কমিশনে হাই কমিশনারের দেওয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।

Image

দ্বিপক্ষীয় বৈঠকের আগে দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে ঊষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। সেখানে শেখ হাসিনা গান স্যালুট গ্রহণ করেন এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার পরিদর্শন করেন।

এরপর দিল্লিতে মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েশেখ হাসিনা যান হায়দ্রাবাদ হাউজে। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি।

পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক জয়। বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো গুরুত্ব পায় আলোচ্যসূচিতে।

বৈঠক ও সমঝোতা স্মারকে স্বাক্ষর শেষে মোদীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেন শেখ হাসিনা। সেদিনই বিকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বুধবার সকালে দিল্লিতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত বাংলাদেশ-ভারত বাণিজ্য ফোরামে অংশ নেন শেখ হাসিনা।

সেখানে তিনি বাংলাদেশের ‘উদার’ নীতি এবং সরকারের দেওয়া সুযোগ সুবিধার কথা ‍তুলে ধরে অবকাঠামো, শিল্প, জ্বালানি ও পরিবহন খাতে বড় আকারের বিনিয়োগ করতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Image

তিন বছর পর ভারতে সফরে গেলেন শেখ হাসিনা, মঙ্গলবার নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এছাড়া সেদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের উন্নয়নমন্ত্রী কিষাণ রেড্ডি।

বিকালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শহীদ এবং যুদ্ধাহত ভারতীয় সেনা পরিবারের সন্তানদের ‘মুজিব স্কলারশিপ’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধে ভারতের যে নাগরিকরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের শ্রদ্ধা জানিয়ে পরিবারের নবীন ২০০ সদস্যকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘মুজিব স্কলারশিপ’ দেওয়া হচ্ছে। এর মধ্যে দশম শ্রেণির ১০০ জন এবং দ্বাদশ শ্রেণির ১০০ শিক্ষার্থী এই বৃত্তি পাচ্ছেন।

বৃহস্পতিবার সকালে দিল্লির পালম বিমানবন্দর থেকে থেকে জয়পুরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে যান আজমীর শরীফে। আজমীরে সুফি সাধক মইনুদ্দিন চিশতির (র.) মাজার জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে জয়পুরে ফিরে বিকালে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।