থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন সেনাপ্রধান
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে ভোট দিয়েছেন তিনি।
থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪২তম সাধারণ সভায় অংশ নিয়ে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার তার দেশে ফেরার কথা জানিয়েছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দিয়েছেন সেনাপ্রধান।
এছাড়াও তিনি বিভিন্ন দেশের ক্রীড়া নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন; এ সময় পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেছেন তিনি।
গত ৭ জুলাই চারদিনের সফরে থাইল্যান্ডে যান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
