গাজীপুরে কভার্ডভ্যানে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু
বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন দগ্ধ অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
গাজীপুরের একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারভর্তি কভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।
চার দিন আগের ওই দুর্ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হল। দগ্ধ আরও তিনজন ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
সোমবার ভোরে মারা যাওয়া মো. পারভেজ (৩১) ছিলেন ওই কভার্ডভ্যানের শ্রমিক, তার বাড়ি চট্টগ্রামে।
ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন জানান, পারভেজের শরীরের ৮৬ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে শুক্রবার মারা যান মৌলভীবাজার সদরের ২৬ বছরের যুবক মিঠু, আগুনে তার শরীর শতভাগ পুড়ে গিয়েছিল।
চিকিৎসাধীন বাকি তিনজন হলেন– মো. আলামিন (২৫), আনোয়ারুল ইসলাম (২৭) ও সিরাজুল ইসলাম (২৫)। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আলামিনের শরীরের ৬০ শতাংশ, আনোয়ারুল ইসলামের ৩৫ শতাংশ এবং সিরাজুল ইসলামের ৭০ শতাংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কভার্ডভ্যান গ্যাস ভরতে যায়। ওই গাড়িতে শতাধিক খালি সিলিন্ডার ছিল।
গ্যাস ভরার এক পর্যায়ে বিকট শব্দে গাড়িতে আগুন ধরে গেলে পাঁচজন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
