২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩০ সালের মধ্যে কৃষি উৎপাদন দ্বিগুণ করতে হবে: পরিবেশমন্ত্রী

এজন্য ফসলের জলবায়ু সহনশীল নতুন জাত উদ্ভাবনসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 06:54 PM

Updated : 17 Oct 2022, 06:54 PM

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে বর্ধিত খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ থেকে উত্তরণে ২০৩০ সালের মধ্যে কৃষির উৎপাদনশীলতা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বিশ্ব খাদ্য দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সোমবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে সেমিনারে তিনি এ কথা বলেন। ‘কাউকে পশ্চাতে রেখে নয়- ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহাব উদ্দিন আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সবার আগে ফসলের জলবায়ু সহনশীল নতুন জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ ও পরিবেশবান্ধব কৃষি উপকরণের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু চেইন উন্নয়নের মত খাতে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন।

একই সঙ্গে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কৃষিপণ্য রপ্তানির বাজার অনুসন্ধান করতে হবে এবং চাহিদা অনুযায়ী রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের সময় ‘গ্যাপ নীতমালা’ অনুসরণ করতে হবে, বলেন তিনি।

Image

ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে সোমবার বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে কৃষি ও কৃষকবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন এবং কৃষির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ দানা শস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

“এখন আমাদের পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে বিশেষ মনযোগ দিতে হবে। এ ক্ষেত্রে বাজারদর ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, খাদ্যের সুষম বন্টনসহ সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা যেমন জরুরি, তেমনি সকলের পুষ্টি সচেতনতার বিষয়টিও অত্যাবশ্যকীয়।“

কৃষি ক্ষেত্রে টেকসই কর্মপদ্ধতি বিকাশের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষমাত্রা বাস্তবায়নে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার কাজ এগিয়ে নেওয়া যাবে।

সবাইকে হাতে হাত মিলিয়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়নে কাজ করার আহবান জানান তিনি।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এর নির্বাহী পরিচালক লরেন্স হাদ্দাদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি সাসো মার্টিনো, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউিটের মহাপরিচালক দেবাশীষ সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজির।