৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর
গত ৬ জুন ১২ হাজার ৭৮৯ জনকে প্রার্থীকে উত্তীর্ণ করে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
গত ৬ জুন ১২ হাজার ৭৮৯ জনকে প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
১৯ মে ৮টি বিভাগের কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে এতে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।
গত বছরের ৩০ নভেম্বর সরকারি চাকরির ২ হাজার ৩০৯টি শূন্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডার পদে ৫২৪ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ২৩৯ জন, সরকারি সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪৩৭ জন ও কারিগরি শিক্ষায় ১০৯ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
