২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নিয়োগের নামে প্রতারক চক্র সক্রিয়, সতর্ক করল ভূমি মন্ত্রণালয়

নিয়োগ প্রার্থীদের তথ্য যাচাইয়ের পরামর্শ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 07:38 PM

Updated : 20 Aug 2023, 07:38 PM

নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন চক্র প্রতারণায় সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়। 

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতারক চক্র ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দপ্তর, সংস্থা ও প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

নিয়োগ প্রার্থীরা যাতে প্রতারিত না হন, সেজন্য তাদেরকে ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর বা সংস্থার ওয়েবসাইটে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে নিতে অনুরোধ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর বা সংস্থার সব ধরনের নিয়োগ কার্যক্রম প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করা হয়। 

“দুর্নীতির মাধ্যমে কিংবা অর্থের বিনিময়ে ভূমি মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর বা সংস্থা হতে কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের কোনো সুযোগ নেই।” 

নিয়োগ বিজ্ঞপ্তি বহুল প্রচলিত দৈনিক পত্রিকায় এবং মন্ত্রণালয়ের ও সংস্থার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরি দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তা যেন আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।