০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছিল পুলিশ।

নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 03:22 PM

Updated : 05 Oct 2026, 03:22 PM

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান এ তথ্য জানান।

গত ৩০ সেপ্টেম্বর সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ১ অক্টোবর তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

রিমান্ড শেষে সোমবার গোলাম মহিউদ্দিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন।

অন্যদিকে আসামিপক্ষে ঢাকার বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ২৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে।

নিউ গিনি প্রপার্টিজে হামলা

গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

Image

গত ১ অক্টোবর গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হলে তাকে রিমান্ডে পাঠান বিচারক।

নিউ গিনি আবাসন প্রকল্পের এক নম্বর ফটক দিয়ে ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিও পার হয়ে আরও কিছুটা সামনে এগোলেই প্রকল্পটির সীমানা শেষ। এই সীমানা লাগোয়া ৩৫ কাঠা জমিতে একটি আবাসন প্রকল্প করার কথা রয়েছে, যদিও কাজ শুরু হয়নি।

নিউ গিনি প্রকল্পের একাধিক কর্মকর্তা ও তদন্তসংশ্লিষ্ট পুলিশ সদস্যরা বলেছেন, ওই আবাসন প্রকল্পে যাতায়াতের জায়গা নিয়েই মূলত ঝামেলার সূত্রপাত। ধীরে ধীরে সেই বিরোধ বড় আকার ধারণ করে।

তাদের ভাষ্য, ৩৫ কাঠা জমিতে মামলার চার নম্বর আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজন মিলে আবাসন প্রকল্প করতে চাইছেন। তবে জায়গাটির চারপাশে যাতায়াতের মত সড়ক নেই। নিউ গিনি আবাসন প্রকল্পের এক নম্বর ফটক দিয়ে যাওয়া সড়কটি একমাত্র যাতায়াতের পথ।

ঘটনার পরদিন সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এ ধরনের বিরোধের ইংগিত দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় প্রায় ৩৫ কাঠা একটি বিতর্কিত জমি নিয়ে নিউ গিনি প্রপার্টিজ নামের একটি বিল্ডার গোষ্ঠী এবং একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে মালিকানা-সংক্রান্ত বিরোধ চলছিল।

“ওই বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে একপক্ষ দখল করতে গেলে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয়।”