নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় যে মামলা হয়েছে, সেখানে আসামির তালিকায় গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম রয়েছে ৪ নম্বরে।
রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।”
গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় নিউ গিনি আবাসন প্রকল্প এবং আশপাশের স্থাপনায় অস্ত্রধারীদের হামলার ঘটনা ঘটে। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’ও আক্রান্ত হয়।
পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া মামলা করেন। সেখানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫০ থেকে ২০০ জনকে।
মামলার এজাহারে বলা হয়, জমি দখল ও পূর্বশত্রুতার জেরে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রকল্পে ঢুকে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় প্রকৌশলী ও নিরাপত্তাকর্মীদের মারধর করা হয়। পরে তারা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
ওই মামলায় সোমবার পর্যন্ত থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলেন শাহরিয়ার মাহমুদ, মামুন, আসলাম, মুন্না ও শাহ আলম অনিক।
এরপর সোমবার রাতে মাটিকাটা এলাকা থেকে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি। আব্দুল গফুর জামায়াতের সংসদ সদস্য।
নিউ গিনি আবাসন প্রকল্পের এক নম্বর ফটক দিয়ে ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিও পার হয়ে আরও কিছুটা সামনে এগোলেই প্রকল্পটির সীমানা শেষ। এই সীমানা লাগোয়া ৩৫ কাঠা জমিতে একটি আবাসন প্রকল্প করার কথা রয়েছে, যদিও কাজ শুরু হয়নি।
নিউ গিনি প্রকল্পের একাধিক কর্মকর্তা ও তদন্তসংশ্লিষ্ট পুলিশ সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এই আবাসন প্রকল্পে যাতায়াতের জায়গা নিয়েই মূলত ঝামেলার সূত্রপাত। ধীরে ধীরে সেই বিরোধ বড় আকার ধারণ করেছে।
তাদের ভাষ্য, ৩৫ কাঠা জমিতে মামলার চার নম্বর আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজন মিলে আবাসন প্রকল্প করতে চাইছেন। তবে জায়গাটির চারপাশে যাতায়াতের মত সড়ক নেই। একমাত্র যাতায়াতের পথ নিউ গিনি আবাসন প্রকল্পের এক নম্বর ফটক দিয়ে যাওয়া সড়কটি।
ঘটনার পরদিন সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এ ধরনের বিরোধের ইংগিত দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় প্রায় ৩৫ কাঠা একটি বিতর্কিত জমি নিয়ে নিউ গিনি প্রপার্টিজ নামের একটি বিল্ডার গোষ্ঠী এবং একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে মালিকানা-সংক্রান্ত বিরোধ চলছিল।
“ওই বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে একপক্ষ দখল করতে গেলে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয়।”
