নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন রিমান্ডে
আগের দিন এ মামলায় আরও তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।
ঢাকার ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজ আবাসিক প্রকল্পে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশ এসআই তারেকুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
বাদীপক্ষে আনিসুর রহমান বাবুল রিমান্ডের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষে ঢাকার বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও আবুল কালাম খান রিমান্ড বাতিল করে জামিন চান।
আদালতে আনোয়ার জাহিদ ভূঁইয়া বলেন, "নিউ গিনি প্রপার্টিজ ভূমিদস্যু। তারা চলাচলের রাস্তাও দখল করে নেয়। এটা একটা পরিকল্পিত মামলা। তাকে ৪ নং আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, পারভেজ নামে একজনের পকেট থেকে ৭ হাজার টাকা নিয়ে গেছেন। তিনি একজন সাবেক মেজর জেনারেল, ডাক্তার মানুষ। আর তিনি ৭ হাজার টাকা নিয়ে যাবেন। মিথ্যা অভিযোগে মামলা। রিমান্ড বাতিল করে জামিন চাইছি।"
আবুল কালাম খান বলেন,"তিনি ঘটনাস্থলে ছিলেন না। মিরপুর সরকারি ডেন্টাল হাসপাতালের ছাত্রদলের জিএস ছিলেন। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে কর্মরত। তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।"
শুনানি নিয়ে আদালত তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেয়।
এর আগে এদিন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে দেয় একই আদালত।
এ মামলায় বুধবার মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।
ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম দেওয়া হয়েছে। পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।
পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
