২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাশেরকান্দি পয়ঃশোধনাগার: কাজ বুঝে না নিয়েই বিল পরিশোধের অভিযোগ

“ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হলেও ময়লা সংগ্রহের পাইপলাইন নির্মাণ না হওয়ায় সুফল পাবে না নগরবাসী।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 08:07 PM

Updated : 08 Jul 2023, 08:07 PM

ঢাকার গুলশান, বনানীসহ বেশ কিছু এলাকার পয়োবর্জ্য পরিশোধন করতে ওয়াসার যে প্রকল্প বাস্তবায়নাধীন, সেই দাশেরকান্দি পয়ঃশোধনাগারের নির্মাণ কাজ যথাযথভাবে শেষ না করেই ঠিকাদারকে বিল পরিশোধের অভিযোগ উঠেছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ঢাকা ওয়াসা কর্মকর্তা ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক।

তার ভাষ্য, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে কোনো প্রকার ‘টেস্ট রান’ ছাড়াই ঢাকা ওয়াসাকে প্রকল্প বুঝিয়ে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তারপরও চূড়ান্ত বিল পরিশোধ করেছে ঢাকা ওয়াসা।

“তাছাড়া বর্জ্য পৌঁছানোর নেটওয়ার্ক তৈরি না করায় দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্লান্টটি বর্তমানে প্রায় অলস বসে রয়েছে।’’

বর্তমানে প্লান্টের মাধ্যমে হাতিরঝিলের চারপাশ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ড্রেনেজ লাইনের ময়লা পানি শোধন করে বালু নদীতে ফেলা হচ্ছে। এ প্লান্টের মাধ্যমে সিটি কর্পোরেশনের ড্রেনের ময়লা পানি শোধন করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়নি বলে দাবি করেন মোজাম্মেল।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, “মানব বর্জ্য শোধন করে বালু নদীর দূষণ কমিয়ে আনতেই এই শোধনাগার তৈরি করা হয়। ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হলেও এতে ময়লা সংগ্রহের পাইপলাইন নির্মাণ করা হয়নি। কিন্ত কাজ শেষ না হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান হাইড্রো চায়না করপোরেশন চূড়ান্ত বিল জমা দিয়েছেন।

“মানব বর্জ্য বিভিন্ন ড্রেনের মাধ্যমে বেগুনবাড়ি খাল হয়ে বালু নদীতে গিয়ে পড়ছে। এতে নদীর পানির দূষণ হচ্ছে। এভাবে জনগণের হাজার কোটি টাকার অপব্যবহার কোনোভাবেই কাম্য নয়।”

মোজাম্মেল হক বলেন, প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে এই শোধনাগার নির্মাণ করা হলেও পয়োবর্জ্য শোধনাগারে পৌঁছানোর পাইপলাইন তৈরি না করায় প্রকল্পের সুফল পাবে না নগরবাসী।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহসীন আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে চুক্তি অনুযায়ী সকল কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী ১৩ জুলাই শোধনাগার উদ্বোধনের পর আমরা প্রকল্পটি বুঝে নেব। এখন পরীক্ষামূলক চালু হয়েছে।

“নির্মাণ কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান হাইড্রো চায়না করপোরেশন ফাইনাল বিল জমা দিয়েছে। আমরা বিল পরিশোধ করেছি। চুক্তি অনুযায়ী আগামী এক বছর ঠিকাদারি প্রতিষ্ঠান অপারেশন ও মেইনটেইন্স করবে। এরপর আমরা সার্বিকভাবে প্রকল্পটি বুঝে নেব।”

পয়োবর্জ্য শোধনাগারে পৌঁছানোর পাইপলাইন নির্মাণ না করার বিষয়ে মোহসীন বলেন, “চুক্তিতে রামপুরা ব্রিজ থেকে আফতাব নগর মেইন রোড হয়ে দাশেরকান্দি পর্যন্ত নেটওয়ার্কের ব্যবস্থা ছিল এবং তা সম্পন্ন করা হয়েছে। এছাড়া অন্য কোনও নেটওয়ার্কের ব্যবস্থা ছিল না বা বর্তমানে প্রয়োজনও নাই।”