আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল থামবে ৩ স্টেশনে
উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলবে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধনের পর প্রাথমিকভাবে তিন স্টেশনে ট্রেন থামবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী শনিবার মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
পরদিন ৫ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে। প্রথম দিকে কিছুদিন উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলবে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এই পথে ট্রেন ছাড়বে প্রতি ১০ মিনিট পরপর।
বেলা সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।তবে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশে পিক এবং অফ পিক আওয়ারের আগের সূচি অনুযায়ীই ট্রেন চলবে। আগের মতই শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
মতিঝিল থেকে আগারগাঁও অংশে আপাতত কেবল মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট-এই তিন স্টেশনে ট্রেন থামবে। পরে ধাপে ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ানবাজার ও বিজয়সরণী স্টেশনগুলো চালু হবে।
আগারগাঁও থেকে উত্তরা অংশে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ারে ট্রেন ছাড়ে ১০ মিনিট পরপর।
বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে ট্রেন ছাড়ে ১৫ মিনিট পরপর। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে আবার ট্রেন ছাড়ে ১০ মিনিট পরপর।
আর শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফ পিক আওয়ারে ট্রেন ছাড়ে ১২ মিনিট পরপর। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে ট্রেন ছাড়ে ১০ মিনিট পরপর।
ঢাকার প্রথম এই মেট্রোরেলের রুট উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন শুরু হয় যাত্রী পরিবহন।
প্রথম দিন কেবল দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশন চালু হয়। পরে ধীরে ধীরে ৩০ মার্চের মধ্যে এই পথের ৯টি স্টেশনই চালু হয়।
ঢাকায় সরকার ২০৩০ সালের মধ্যে মোট ছয়টি রুটে মেট্রোরেল চালুর ঘোষণা আছে। এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ শুরু হয়ে গেছে। এই রুটটি যুক্ত করবে পূর্বাচলকেও।
সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত আরেকটি রুটের নির্মাণ কাজ উদ্বোধনের কথা ছিল গত ১০ সেপ্টেম্বর। সেটি পিছিয়ে গেছে।
গাবতলী থেকে দাঁশেরকান্দি পর্যন্ত রুটটিতে অর্থায়ন চূড়ান্ত হয়েছে। সেটি আগামী মার্চের মধ্যে চূড়ান্ত অনুমোদন পেতে পারে।
অন্য দুটি রুট হলো এমআরটি-৪ যেটি কমলাপুর থেকে যাবে নারায়ণগঞ্জের মদনপুরে এবং এমআরটি-২, যেটি গাবতলী থেকে নিউমার্কেট হয়ে যাবে নারায়ণগঞ্জের কলকুঁড়ি।
এটি যুক্ত করবে সদরঘাটকেও। তবে এই দুটির অর্থায়ন থেকে শুরু করে চূড়ান্ত নকশা, কিছুই এখনও ঠিক হয়নি।
