২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট গার্ড বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৫ নৌযান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চট্টগ্রামের পতেঙ্গা কোস্ট গার্ড বার্থে এই পাঁচ সমুদ্রগামী নৌযানের কমিশনিং করবেন।

কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 10:37 PM

Updated : 20 Jun 2023, 10:37 PM

সমুদ্রসীমা রক্ষায় নিয়োজিত কোস্ট গার্ডের বহরে যুক্ত হচ্ছে দুটি ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগ বোট এবং একটি ফ্লোটিং ক্রেন, যা তৈরি হয়েছে বাংলাদেশেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চট্টগ্রামের পতেঙ্গা কোস্ট গার্ড বার্থে এই পাঁচ সমুদ্রগামী নৌযানের কমিশনিং করবেন। সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কমিশনিং অনুষ্ঠানে যোগ দেবেন।

মঙ্গলবার পতেঙ্গায় কোস্ট গার্ড বার্থে গিয়ে দেখা যায়, উদ্বোধনের জন্য সাজিয়ে রাখা হয়েছে পাঁচটি নৌযান।

এসব নৌযান বহরে যুক্ত হলে বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধ, সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমুদ্র সীমানায় টহল এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও নৌ দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কোস্ট গার্ডের ‘অপারেশনাল’ কার্যক্রম বেগবান হবে বলে কর্মকর্তারা আশা করছেন।

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মিত দুটি ইনশোর পেট্রোল ভেসেলের নাম দেওয়া হয়েছে বিসিজিএস জয় বাংলা ও বিসিজিএস অপূর্ব বাংলা।

বিসিজিএস জয় বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জিয়া উদ্দিন বলেন, “আমাদের এই জাহাজগুলো অত্যাধুনিক। ১৯৯৫ সালে আমরা যে জাহাজগুলো নিয়ে শুরু করেছিলাম, সেগুলা ছিল নৌবাহিনীর পুরনো জাহাজ। আমরা এখন যে জাহাজগুলো পেয়েছি, সেগুলোতে আধুনিক মেশিনারিজ, সেন্সর, সার্ভেইলেন্স রেডার, নেভিগেশন ইকুইপমেন্ট এবং স্বয়ংক্রিয় কামান রয়েছে। আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি অপারেশন কর্মকাণ্ডে এসব কামান বিশেষ ভূমিকা রাখবে।

"আমাদের সার্ভেইলেন্স রেডারের রেঞ্জ ৯৬ নটিক্যাল মাইল। এই রেঞ্জের মধ্যে কোনো জাহাজ, কোনো শত্রু এলে আমরা চিহ্নিত করতে পারব। এই জাহাজগুলো উচ্চ গতিসম্পন্ন। আমরা ঘণ্টায় সর্বোচ্চ ২৬ নটিক্যাল মাইলে গতিতে চলতে পারি। বাণিজিক জাহাজের গতি এর চাইতে বেশি হয় না। যারা অপরাধ কার্যক্রমে জড়িত থাকে, তারা আমাদের সাথে গতিতে পারবে না।”

বিসিজিএস অপূর্ব বাংলার কর্মকর্তারা জানান, মূলত উপকূলীয় অঞ্চলে মানবপাচার, মাদক পাচার, গভীর সমুদ্রে অবৈধভাবে মৎস্য আহরণসহ বিদেশি জাহাজের নিরাপত্তা কাজে ব্যবহৃত হবে এই ইনশোর পেট্রোল ভেসেল। সাগরে ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতির যে কোনো নৌযানকে তাড়া করে ধরতে পারবে এ নৌয়ান।

টাগ বোট বিসিজিটি প্রত্যয় ও বিসিজিটি প্রমত্ত এবং ফ্লোটিং ক্রেন বিসিজিএফসি শক্তি তৈরি হয়েছে খুলনা শিপইয়ার্ডে।

টাগ বোট বিসিজিটি প্রত্যয়ের অধিনায়ক লেফটেন্যান্ট এম শাহীন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নৌযান দিয়ে তিন ধরনের কাজ করা যাবে।

“সমুদ্রে দুর্ঘটনা কবলিত জাহাজকে উপকূলে টেনে নিয়ে আসা, ধাক্কা দিয়ে সরানো এবং ১০০ মিটার দূরে থেকে অন্য জাহাজের আগুন নেভানো সম্ভব হবে। ৩৫০০ টন ধারণ ক্ষমতার জাহাজকে এই বোট টেনে নিয়ে যেতে পারবে। এটাই দেশের সর্বাধুনিক প্রযুক্তি টাগবোট। বিসিজিটি প্রমত্ত বোটটিও একই ক্ষমতার।"

ফ্লোটিং ক্রেন বিসিজিএফসি শক্তির চিফ পেটি অফিসার (সিপিও) মো. মহাসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি কোস্ট গার্ডের প্রথম নিজস্ব ভাসমান ক্রেন।

“এর আগে আমাদের প্রয়োজন পড়লে নৌবাহিনী অথবা অন্য কারো কাছ থেকে নিয়ে আসতে হত। এই ক্রেন ৭০ টন ওজনের জাহাজ বা যে কোনো পণ্য খাড়াভাবে ওঠানামা করতে পারে। সমান্তরালে ৩০ মিটার প্রসারিত অবস্থায় ১২ টন লোড নিতে পারে। নদীপথে বাংলাদেশে এটা সবচেয়ে উন্নত ভাসমান ক্রেন।”

দুর্ঘটনাকবলিত ডুবে যাওয়া জাহাজ ও নৌযান উদ্ধার করা যাবে বিসিজিএফসি শক্তি ব্যবহার করে। জাহাজটির ক্রেনের অংশটি ইতালীর কোম্পানি হেইলা থেকে আমদানি করা হয়েছে। বাকি অংশ তৈরি করা হয়েছে দেশে।

বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালে বিরোধী দলে থাকা অবস্থায় ‘বাংলাদেশ কোস্ট গার্ড বিল’ উত্থাপন করেন। যার ধারাবাহিকতায় ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি এ বাহিনীর যাত্রা শুরু হয়।

পরে এ বাহিনীতে নতুন নতুন প্ল্যাটফর্ম ও অবকাঠামো সংযোজিত হয়েছে। এর ফলে বাহিনীর কাজে গতি এসেছে, অর্জিত হয়েছে নানা সাফল্য।