শোরুমের তালা ভেঙে ৫৫টি মোবাইল ফোন চুরি, গ্রেপ্তার ৩
পুলিশ জানায়, মার্কেটের ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে পাওয়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি শোরুম থেকে ৫৫টি মোবাইল ফোন চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- অনিক হাসান (২২), নাহিদ হাসান (১৯) ও নাদিম মোহাম্মদ সাগর (১৮)। পেশায় তারা সবাই হকার।
সোমবার মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, খিলক্ষেত এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে যমুনা ফিউচার পার্কের লেভেল চার এর 'শেফা ইন্টারন্যাশনাল মোবাইল শো রুম' থেকে তালা ভেঙে অ্যাপল, স্যামস্যাং এবং সনি ব্র্যান্ডের ৫৫টি মোবাইল ফোন চুরি হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, মোবাইল চুরির ঘটনায় ভাটারা থানায় মামলা হলে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ।
হারুন অর রশীদ বলেন, "মার্কেটের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) থেকে পাওয়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তার তিনজনের সঙ্গে মার্কেটের দোকানি বা নিরাপত্তাকর্মীরা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান গোয়েন্দা প্রধান।
