০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তিতে মাইগ্রেশন চালু রাখার দাবিতে রিট আবেদন

ভর্তি কমিটির পক্ষে সময়ের আবেদন করায় সোমবার শুনানির জন্য রাখা হয়েছে। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 04:53 PM

Updated : 15 Oct 2023, 04:53 PM

গুচ্ছ ভর্তির ক্ষেত্রে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু রাখার দাবিতে রিট আবেদন করেছেন কয়েকজন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ২০ শিক্ষার্থীর পক্ষে হাই কোর্টে রিট আবেদনটি করেন তাদের আইনজীবী হামিদুল ইসলাম।

রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে এ আবেদনের ওপর প্রাথমিক শুনানি হয়।

অ্যাডভোকেট হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদনকারীর পক্ষে তিনি শুনানি করেছেন। তবে ভর্তি কমিটির পক্ষে সময়ের আবেদন করায় সোমবার শুনানির জন্য রাখা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সব ধাপে সব ধরনের মাইগ্রেশন চালু রেখে চূড়ান্ত ভর্তি নেওয়া হয়েছে। কিন্তু ভর্তির চার ধাপ শেষ হওয়ার পর গত ৮ ও ৯ অক্টোবর পঞ্চম ধাপে ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন বন্ধ রাখার কথা বলা হয়।

ফলে মেধাক্রমে এগিয়ে থাকা শিক্ষার্থীদের চেয়ে অনেক কম নম্বর পাওয়া শিক্ষার্থীরাও কোনো কোনো ক্ষেত্রে ভালো বিশ্ববিদ্যালয় কিংবা ভালো বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন।

তাই বর্তমান নিয়ম অনুযায়ী মাইগ্রেশন চালু রেখে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

অ্যাডভোকেট হামিদুল ইসলাম জানান, গত ৫ অক্টোবর মাইগ্রেশন চালু রেখে পঞ্চম ধাপে ভর্তি নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শিক্ষাসচিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।