ডেঙ্গু: মশার উৎস খুঁজবে ঢাকা উত্তর সিটির টাস্কফোর্স
প্রতিটি ওয়ার্ড গঠিত সাত সদস্যের এ কমিটি ডেঙ্গুর জীবানুবাহী এইডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে, যেটির আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর।
ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে না এসে আক্রান্তের সংখ্যা বাড়ছে; এমন প্রেক্ষাপটে এইডিস মশা প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে।
সাত সদস্যের এ কমিটি ডেঙ্গুর জীবানুবাহী এইডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে, যাতে আহ্বায়ক করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলরকে। কমিটি মশার সম্ভাব্য প্রজননস্থল খুঁজে বের করবে। প্রতিটি ওয়ার্ডে আক্রান্ত রোগীর তালিকা তৈরিও করবে।
মঙ্গলবার ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের স্বাক্ষরে এ বিষয়ে অফিস আদেশে সংশ্লিষ্টদের তা জানানো হয়েছে।
এ বছর বর্ষা মৌসুম শুরুর আগে থেকেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃত্যুও।
মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ ২ হাজার ৪১৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬ জনের।
এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৭ হাজার ৬৮৮ জনে। মৃত্যু হয়েছে ২০১ জনের।
ভর্তি এসব রোগীর মধ্যে ২২ হাজার ৩৪৯ জনই ঢাকার। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ঢাকায় মৃত্যু হয়েছে ১৬২ জনের। দেশের বিভিন্ন হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে।
ডেঙ্গু প্রতিরোধে অভিযান, সচেতনতা বাড়ানোসহ ঢাকা উত্তরের নানান উদ্যোগের মধ্যে গঠিত এ কমিটিতে সংরক্ষিত নারী কাউন্সিলর যুগ্ম আহ্বায়ক, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় গণমান্য ব্যক্তি, পরিচ্ছন্ন পরিদর্শক, মশক সুপাইভাইজাররা সদস্য এবং ওয়ার্ডের সচিব কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন।
কিমিটি সংশ্লিষ্ট এলাকার নির্মাণাধীন ভবন, সুউচ্চ ভবন, টিনশেড বাড়ি, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বিপণীবিতান, মার্কেট, হোস্টেল, ছাদ বাগান, পরিত্যক্ত বাড়ি, জলাশয়, ড্রেন, খোলাবাজার পরিদর্শন করবে। এসব জায়গায় লার্ভা শনাক্ত করে তা ধ্বংস করা এবং তালিকা তৈরি করবে।
