নুহাশপল্লীর নামে ‘প্রতারণা’, গ্রেপ্তার রবিউল রিমান্ডে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
‘নুহাশপল্লীর উন্নয়ন প্রকল্পের’ তহবিল সংগ্রহের ফি দাবি করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রবিউল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মো. রবিউল ইসলাম (৪১) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
শুক্রবার রবিউলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক রাশিদুল ইসলাম তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়, এক ব্যক্তি নিজেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া পরিচয় দিয়ে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে ফোন করেন।
ওই ব্যক্তি জানান, নুহাশপল্লীর উন্নয়ন বাবদ অস্ট্রেলিয়া থেকে বড় অংকের একটি ফান্ড এসেছে, যা অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন উপসচিবের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেন তিনি।
শাওন ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে অন্য প্রান্ত থেকে নিজেকে উপসচিব পরিচয় দিয়ে ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি বাবদ ৩১ হাজার ৮৫০ টাকা দিতে বলেন।
পরে শাওন টাকা দিয়ে দেন। এক পর্যায়ে নম্বরটি বন্ধ পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন বলে মামলায় বলা হয়।
গ্রেপ্তার রবিউলের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ভুয়া রেজিস্ট্রেশন করা চারটি সিমকার্ড জব্দ করেছে পুলিশ।
