সাফ শিরোপা জয়ী ‘বীর নারীদের’ অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের শিরোপা জয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। জোড়া গোল করেন কৃষ্ণা, এক গোল শামসুন্নাহার জুনিয়রের।
২০১৬ সালে শিলিগুঁড়ির ফাইনালে স্বাগতিক ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের। এবার কোচ গোলাম রব্বানী ছোটন মরিয়া ছিলেন লক্ষ্য পূরণে। নেপালের স্বপ্ন গুঁড়িয়ে তা পূরণ করে ছেড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের বীর নারীদের এই জয়ে পুরো জাতি আজ গর্বিত।”
এ অদম্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন সরকারপ্রধান।
পৃথক বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
