২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 06:50 PM

Updated : 17 Jan 2024, 06:50 PM

কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত দেশের মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ও ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। 

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ২৭০ কোটি টাকা। 

শনিবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণ অনুমোদন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

কোভিড মহামারীর সময় হওয়া মাধ্যমিক শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়া, শিক্ষা পদ্ধতির মানোন্নয়ন ও ঝরে পড়া শিক্ষার্থীদের আবার স্কুলে ফিরিয়ে আনতে এ অর্থ ব্যয় করা হবে। 

‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (এলএআইএসই) প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। 

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (আইডিএ) তহবিল থেকে অনুমোদন দেওয়া এই ঋণ ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ পরিশোধ করতে হবে। 

বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটান কার্যালয়ের প্রধান প্রতিনিধি আবদোলায়ে সেক বলেন, “উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ নিম্ন মাধ্যমিক শিক্ষায় লিঙ্গসমতা আনার ক্ষেত্রে বিগত বছরগুলোতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। 

“কিন্তু কোভিড মহামারীর সময় স্কুল বন্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দরিদ্র পরিবারের মেয়েশিশুদের বিরাট অংশ স্কুল ছেড়েই দিয়েছে। বিশ্ব ব্যাংক বাংলাদেশের শিক্ষা খাতের ক্ষতি পুষিয়ে নিতে এই সহযোগিতা দিচ্ছে।” 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)