১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাস্তায় শৃঙ্খলা না থাকলে সুফল আসবে না: কাদের

ঢাকার ঘাটারচর থেকে ডেমরা পর্যন্ত ২২ নম্বর এবং ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত ২৬ নম্বর রুটে বাস চলাচলের উদ্বোধন করেছেন সড়ক মন্ত্রী।

রাস্তায় শৃঙ্খলা না থাকলে সুফল আসবে না: কাদের

ঢাকায় বৃহস্পতিবার নগর পরিবহনের নতুন দুটি রুট উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 06:03 PM

Updated : 13 Oct 2022, 06:03 PM

বাস রুট র‌্যাশনালাইজেশনের আওতায় রাজধানীতে নতুন দুই রুটে বাস চলাচলের উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে শৃঙ্খলা না ফিরলে সব উদ্যোগই বৃথা যাবে।

খেদ প্রকাশ করে তিনি বলেছেন, “পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি অনেকদিন ফাইট করছি। কোনো কিছুই সুফল দেবে না যদি রাস্তায় শৃঙ্খলা না থাকে; জনজীবনে শৃঙ্খলা না থাকে। ঢাকা এখনও পৃথিবীর অন্যতম বসবাস অযোগ্য শহর।”

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এ অনুষ্ঠানে মন্ত্রী আশার কথাও শুনিয়েছেন; বলেছেন, ঢাকাকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে দুই মেয়র কাজ করে যাচ্ছেন।

"আগে বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ১৪০ শহরের মাঝে ১৩৯তম ছিল ঢাকা। এখন উন্নতি হয়ে ঢাকা ১৩৩তম অবস্থানে এসেছে। দুই মেয়র যেভাবে কাজ করে যাচ্ছেন, ঢাকা হবে গ্রিন ও ক্লিন সিটি। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন আশা দেখছি।”

এদিন ঘাটারচর থেকে ডেমরা পর্যন্ত ২২ নম্বর এবং ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত ২৬ নম্বর রুটে বাস চলাচাল শুরু হয়।

পুরানো খবর:

ঢাকা নগর পরিবহনের বাস অক্টোবরে আরও ৩ রুটে

রুট র‌্যাশনালাইজেশন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, “আজ যে দুটো রুট চালু করছি তার জন্যে দুই বছর ধরে কাজ করছি। অনেক প্রতিকূলতা ছিল; প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা আজ উদ্বোধন করতে পেরেছি।

“এবার নতুন নির্মিত ৫০ বাস রাস্তায় নামছে। এখন থেকে পেছনে ফেরার সুযোগ নেই, আর কোনো পুরাতন বাস চলবে না সড়কে। যাত্রী সেবার উৎকর্ষতা বাড়াবে নতুন বাস।"

যাত্রীদের উদ্দেশে মেয়র বলেন, “মাঝপথে কোনো যাত্রী ওঠানো নামানো হবে না। এমন আবদার করবেন না। সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। যাত্রী ছাউনি সেবা শুধুমাত্র যাত্রীদের জন্য। কেউ যেন দখল করতে না পারে। উত্তর ও দক্ষিণ সিটি অভিযান চালিয়ে যাচ্ছে। রুট পারমিট ও অনুমোদনবিহীন কোনো বাস চলবে না।"

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভিনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

রুট ২২

২২ নম্বর রুটের যাত্রী ছাউনি ও বাস থামার জায়গাগুলো হলো- ঘাটারচর, ওয়াসপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি (টিকাটুলি থেকে কাজলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে), কাজলা, কোনাপাড়া ও স্টাফকোয়ার্টার। 

রুট ২৬

২৬ নম্বর রুটের যাত্রী ছাউনি ও বাস থামার জায়গাগুলো হলো- ঘাটারচর, ওয়াসপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউনহল, আসাদ গেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউমার্কেট (নীলক্ষেত), আজিমপুর, পলাশী, চাঁনখারপুল (চাঁনখারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে), পোস্তগোলা ও পাগলা (কদমতলী থানা)।